২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাকা সাদার সুযোগ থাকলেও প্রশ্ন থাকবে

কালো টাকা সাদা করার ক্ষেত্রে বিদ্যমান এসআরও সংশোধন করতে যাচ্ছে সরকার। এর ফলে টাকা সাদা করার ক্ষেত্রে আয়কর অধ্যাদেশে প্রশ্ন করা না গেলেও অন্য আইনে প্রশ্ন তোলা যাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2011, 10:14 AM

Updated : 24 Aug 2022, 03:46 PM

ঢাকা, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কালো টাকা সাদা করার ক্ষেত্রে বিদ্যমান এসআরও সংশোধন করতে যাচ্ছে সরকার। এর ফলে টাকা সাদা করার ক্ষেত্রে আয়কর অধ্যাদেশে প্রশ্ন করা না গেলেও অন্য আইনে প্রশ্ন তোলা যাবে। বিদেশ থেকে পাচার হয়ে আসা ও সন্ত্রাসী অর্থ যাতে অপ্রদর্শিত আয়ের সুযোগ না নিতে পারে, সে লক্ষ্যেই এসআরও সংশোধন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বর্তমান এসআরও (স্ট্যাটুট্যারি রেগুলেটরি অর্ডার) অনুযায়ী, কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হলে আয়কর অধ্যাদেশের আওতায় অর্থের উৎস সম্পর্কে প্রশ্ন করা যায় না। মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ে এ বিষয়ক এক বৈঠক শেষে মুহিত সাংবাদিকদের বলেন, "আয়কর অধ্যাদেশের যে এসআরও আছে সেটা আমরা সংশোধন করছি। এখন এটা আইন মন্ত্রণালয়ে আছে। শিগগিরই এটা জারি করা হবে।" এসআরও পরিবর্তনের বিষয়ে তিনি বলেন, "বর্তমান এসআরওটা সাধারণভাবে লেখা আছে। প্রশ্ন না করার বিধানটা শুধু যে আয়কর অধ্যাদেশের আওতায় থাকবে এটা আমরা সুনির্দিষ্ট করে দেবো।" "অন্য আইনে এ সুবিধা পাওয়া যাবে না সেটাই এসআরওতে সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দেওয়া হবে," বলেন মুহিত। এর মানে হলো, পাচার করা ও সন্ত্রাসী অর্থ যাতে কালো টাকা সাদা করার সুযোগ না নিতে পারে সেজন্য মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও সন্ত্রাসে অর্থায়ন বিরোধী আইনে (এন্ট্রি টেররিস্ট ফাইনান্সিং অ্যাক্ট) প্রশ্ন করা করা যাবে। এর ব্যাখ্যা দিয়ে অর্থমন্ত্রী বলেন, "যদি টাকা পাচার করে আনে তাহলে ধরা হবে।" চলতি অর্থবছরের বাজেটে ১০ শতাংশ কর দিয়ে পুঁজিবাজার ও সরকারি ট্রেজারি বন্ডে কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছে সরকার। এরপরই পুঁজিবাজারে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ায় কর কর্তৃপক্ষের আইনি ক্ষমতা খর্ব হওয়ার পাশাপাশি মুদ্রা পাচার ও সন্ত্রাসী অর্থায়নের সুযোগ সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে আন্তঃসরকার সংস্থা এশিয়া প্যাসিফিক গ্র"প অন মানি লন্ডারিং (এপিজিএমএল)। পুঁজিবাজারে কোন প্রক্রিয়ায় অগ্রদর্শিত আয় বিনিয়োগের সুযোগ দেওয়া হবে, তা জানতে চেয়ে সংশ্লিষ্ট আইন সংশোধনের জন্যও সরকারকে তাগিদও দেয় আন্তর্জাতিক এ সংগঠনটি। অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, "গত মাসে ভারতে এপিজিএমলের বৈঠকের বিষয়ে আমরা এখানে পর্যালোচনা করেছি।" তিনি জানান, মুদ্রা পাচার প্রতিরোধ আইন, সন্ত্রাসে অর্থায়ন বিরোধী আইন এবং মিউচুয়াল লিগ্যাল অ্যাসিসটেন্সস অ্যাক্ট সংশোধন করা হচ্ছে। মুহিত বলেন, "মিউচুয়াল লিগ্যাল অ্যাসিসটেন্সস অ্যাক্ট সংশোধন করা হলে আমরা বিভিন্ন দেশের সঙ্গে তথ্য আদান-প্রদাণে সুবিধা হবে।" এ আইন সংশোধন হলে আরাফাত রহমান কোকোর পাচার করা অর্থ ফিরিয়ে আনতে সহায়ক হবে কি না-জানতে চাওয়া হলে তিনি বলেন, "অবশ্যই হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/১৬১০ ঘ.