২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংগ্রহের বড় উৎস হবে পুঁজিবাজার: মুহিত

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আগামী ৬ মাসের মধ্যে পুঁজিবাজারকে 'বড় পুঁজি' সংগ্রহের কেন্দ্রে পরিণত করা হবে। এ সময়ের মধ্যে নতুন অনেক প্রতিষ্ঠানের শেয়ার বাজারে আসবে বলেও জানান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2011, 09:47 AM

Updated : 24 Aug 2022, 03:44 PM

ঢাকা, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আগামী ৬ মাসের মধ্যে পুঁজিবাজারকে 'বড় পুঁজি' সংগ্রহের কেন্দ্রে পরিণত করা হবে। এ সময়ের মধ্যে নতুন অনেক প্রতিষ্ঠানের শেয়ার বাজারে আসবে বলেও জানান তিনি। মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের লভ্যাংশ হস্তান্তর অনুষ্ঠানে পুঁজিবাজার নিয়ে কথা বলেন অর্থমন্ত্রী। পুঁজিবাজারে গত এক সপ্তাহে দরপতন হলেও মুহিত বলেন, বাজার এখন স্থিতিশীল। "এখন শুধু শেয়ারের দাম বাড়ছে আর কমছে। আগামী ৬ মাসের মধ্যে নতুন অনেক প্রতিষ্ঠানের শেয়ার বাজারে আসবে। তখন পুঁজিবাজারের অবস্থার অনেক পরিবর্তন হবে" এ বছরেই বিনিয়োগের জন্য দীর্ঘমেয়াদি সরকারি বন্ড ছাড়া হবে বলে জানান মন্ত্রী। সরকারি ব্যাংকের শেয়ারগুলো বাজারে ছাড়া হবে কি না- এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, নিশ্চয়ই হবে। "সরকারি প্রতিষ্ঠানের শেয়ার কখন আসবে এ সময়সীমার ব্যাপারে আইসিবি ও এসইসি বলতে পারবে। একসঙ্গে সব প্রতিষ্ঠান এসে গেলে বাজারে সমস্যা হবে", যোগ করেন তিনি। অনুষ্ঠান শেষে অর্থমন্ত্রণালয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শফিকুর রহমান পাটোয়ারি সাংবাদিকদের বলেন, সরকারি ২৩ প্রতিষ্ঠানের শেয়ার বাজারে ছাড়ার বিষয়ে সময় বেঁধে দিয়েছে সরকার। তিনি বলেন, আগামী ১৪ অগাস্টের মধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত ডেসকো, তিতাস গ্যাস, মেঘনা পেট্রোলিয়াম ও যমুনা অয়েলের আরো শেয়ার বাজারে ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে মেঘনা পেট্রোলিয়াম ও যমুনা অয়েলের আরো শেয়ার ইতোমধ্যে ছাড়া শুরু হয়েছে। শফিকুর জানান, ৩০ অগাস্টের মধ্যে বাজারে আসবে অ্যাসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড, বাংলাদেশ শিপিং করপোরেশনের আরো শেয়ার এবং হোটেল ইন্টারন্যাশনাল, গ্রগতি ইন্ডাস্ট্রিজ ও সাবমেরিন কেবলসের শেয়ার। বাকি ১৪টি প্রতিষ্ঠান দ্রততম সময়ে শেয়ারবাজারে আসবে বলে জানান তিনি। অনুষ্ঠানে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক সরকারকে ৫ কোটি টাকা লভ্যাংশ হস্তান্তর করে। ২০১০ সালে প্রতিষ্ঠানটি মুনাফা করেছে প্রায় ৬৪ কোটি ৪৫ লাখ টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/১৫৪০ ঘ.