২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফের পতনের ধারা পুঁজিবাজারে

আগের দিনে চাঙাভাবে লেনদেনের পর মঙ্গলবার আবার পতনের ধারায় ফিরেছে ঢাকার পুঁজিবাজার। তবে লেনদেন বেড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2011, 05:25 AM

Updated : 24 Aug 2022, 03:44 PM

ঢাকা, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগের দিনে চাঙাভাবে লেনদেনের পর মঙ্গলবার আবার পতনের ধারায় ফিরেছে ঢাকার পুঁজিবাজার। তবে লেনদেন বেড়েছে। সপ্তাহের প্রথম দিন রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ১৩৯ পয়েন্ট পড়ে। সোমবার আবার ১০৩ পয়েন্ট বাড়ে। মঙ্গলবার প্রথম ১০ মিনিটেই সূচক ৩৫ পয়েন্ট বেড়ে যায়। এরপর মধ্যভাগ পর্যন্ত ওঠানামা চললেও শেষ বেলায় এসে দরপতন হয়। দিনশেষে সাধারণ সূচক দাঁড়িয়েছে ৬১৭৭ পয়েন্ট, যা দিনের শুরুর চেয়ে ৪৬ পয়েন্ট কম। সারাদিনে ৫০১ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে। গত দিনে মোট লেনদেনের পরিমাণ ছিলো ৪৯৫ কোটি টাকা। লেনদেন হওয়া ৩৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ২০৫টির, ১০টির দাম অপরিবর্তিত রয়েছে। সাধারণ সময়ে পুঁজিবাজারে সকাল ১১টা থেকে ৩টা পর্যন্ত চালু থাকলেও রমজানে লেনদেন চলছে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত। রোববার ব্যাপক দরপতনের পর অর্থমন্ত্রী ও গভর্নরের পদত্যাগ দাবিতে বাংলাদেশ পুঁজিবাজার ঐক্য পরিষদের ব্যানারে মতিঝিলে বিক্ষোভ করে ক্ষুব্ধ বিনিয়োগকারীরা। টানা এক সপ্তাহ দরপতনের পর গত ৩ অগাস্ট বিক্ষোভ করেছিলো বিনিয়োগকারীরা। তবে পরদিনই চাঙাভাব ফেরে পুঁজিবাজারে। এক দিনেই সূচক বাড়ে প্রায় দু'শ' পয়েন্ট। এরপর ফের পতনের ধারায় ফেরে পুঁজিবাজার। পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা এসইসি বলেছে, বাজারে স্থিতিশীলতা আনতে একটি কমিটি গঠন করা হবে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সোমবার বলেছেন, গুটিকয়েক লোক বাজারে কারসাজি করছে। তবে তাদের নাম বলেননি তিনি। বিনিয়োগকারীদের মিছিল থেকে অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি করা হলেও মুহিত রোববার সাংবাদিকদের বলেন, "বিক্ষোভে কোনো বিনিয়োগকারী নেই। তারা ফটকাবাজ। প্রকৃত বিনিয়োগকারীরা কখনো বিক্ষোভ করে না।" তার এ বক্তব্যের প্রতিবাদও জানিয়েছে বিনিয়োগকারীরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১৩৪০ ঘ.