ঢাকা, আগস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রপ্তানি আয়ের ঊর্ধ্বমুখি ধারা বজায় রয়েছে চলতি অর্থবছরের প্রথম মাসেও। গত জুলাই মাসে বাংলাদেশ ২৩৩ কোটি ৯৫ লাখ ডলারের পণ্য রপ্তানি করেছে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২৮ দশমিক ৭০ শতাংশ বেশি।
সোমবার প্রকাশিত রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পরিসংখ্যানে দেখা যায়, চলতি অর্থবছরের জুলাই মাসে রপ্তানি আয় লক্ষ্যমাত্রার চেয়ে ৭ দশমিক ৪০ শতাংশ বেড়েছে। গত অর্থবছরের জুলাই মাসে রপ্তানি থেকে আয় হয়েছিল ২১৭ কোটি ৮৩ লাখ ডলার।
অতীতের সব রেকর্ড ভেঙে ২০১০-১১ অর্থবছরে রপ্তানি খাত থেকে প্রায় দুই হাজার ২৯২ কোটি ৪৪ লাখ ডলার আয় করে বাংলাদেশ, যা আগের অর্থবছরের তুলনায় ৪১ দশমিক ৪৭ শতাংশ বেশি।
২০০৯-১০ অর্থবছরে এ বাবদে আয় হয়েছিল এক হাজার ৬২০ কোটি ডলার। প্রবৃদ্ধির পরিমাণ ছিল মাত্র ৪ দশমিক ১১ শতাংশ। ২০০৮-০৯ অর্থবছরে রপ্তানি খাত থেকে দেশে আসে এক হাজার ৫৫৬ কোটি ডলার। পবৃদ্ধি ছিল ১০ দশমিক ৩১ শতাংশ।
চলতি ২০১১-১২ অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে দুই হাজার ৬৫০ কোটি ডলার। এর মধ্যে জুলাই মাসে ২১৭ কোটি ৮৩ লাখ ডলারের লক্ষ্যমাত্রার বিপরীতে আয় হয়েছে ২৩৩ কোটি ৯৫ লাখ ডলার।
জুলাই মাসে সবচেয়ে বেশি রপ্তানি আয় এসেছে নিট পোশাক খাত থেকে, ৭৯ কোটি ৮৭ লাখ ডলার। এই খাতের প্রবৃদ্ধি দাড়িয়েছে ২৬ দশমিক ২০ শতাংশ। এরপরেই আছে ওভেন পোশাক। এ খাত থেকে এসেছে ৬৭ কোটি ১৩ লাখ ডলার, প্রবৃদ্ধি হয়েছে ৩২ দশমিক ২৮ শতাংশ।
গত অর্থবছরেও নিট পোশাক রপ্তানি থেকে সবচেয়ে বেশি আয় হয়েছিল। ওই বছর মোট ৯৪৮ কোটি ২০ লাখ ডলারের নিট পোশাক রপ্তানি করেছিল বাংলাদেশ। আর ওভেন পোশাক রপ্তানি থেকে এসেছিল ৮৪৩ কোটি ২৪ লাখ ডলার।
জুলাই মাসে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে পাট ও পাটজাত পণ্য রপ্তানিতে। কাঁচাপাট রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ১০২ দশমিক ৯৮ শতাংশ। পাটের তৈরি বস্তা ও ব্যাগ রপ্তানিতে আয় বেড়েছে ৮০ দশমিক ৯৮ শতাংশ। পাটজাত সুতা ও পাটের তৈরি অন্যান্য পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ৩৭ দশমিক ৯২ শতাংশ।
এছাড়া হিমায়িত মাছ রপ্তানি বেড়েছে ৩০ দশমিক ৬৩ শতাংশ। কৃষিজাত পণ্য রপ্তানি বেড়েছে ২০ শতাংশ। তবে তামাক, রাসায়নিক সার, সিরামিক সামগ্রি, বাই-সাইকেল ও রাবার রপ্তানি কমেছে।
৩০ জুন শেষ হওয়া ২০১০-১১ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল এক হাজার ৮৫০ কোটি ডলার। এর বিপরীতে আয় হয়েছে দুই হাজার ২৯২ কোটি ৪৪ লাখ ডলার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/২৩২০ ঘ.
bdnews24