২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থমন্ত্রীর কথায় হতাশ বিনিয়োগকারীরা

পুঁজিবাজারে দরপতনে ক্ষুব্ধ বিনিয়োগকারীদের 'ফটকাবাজ' বলায় হতাশা প্রকাশ করেছে চট্টগ্রামের বিনিয়োগকারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2011, 09:47 AM

Updated : 24 Aug 2022, 03:43 PM

চট্টগ্রাম, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে দরপতনে ক্ষুব্ধ বিনিয়োগকারীদের 'ফটকাবাজ' বলায় হতাশা প্রকাশ করেছে চট্টগ্রামের বিনিয়োগকারীরা। সোমবার এক বিবৃতিতে বিনিয়োগকারীদের সংগঠন 'ইনভেস্টরস ফোরাম অব চিটাগাং' বলেছে, অর্থমন্ত্রীর মতো দায়িত্বশীল ব্যক্তির কাছে এমন মন্তব্য প্রত্যাশিত নয়। টানা দরপতনের কারণে গত কয়েকদিন ডিএসইর সামনে বিক্ষোভ করে 'বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ' নামের একটি সংগঠন। এ সময় অর্থমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংক গভর্নরের পদত্যাগ দাবি করে তারা। তবে বিক্ষোভের সমালোচনা করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত রোববার সাংবাদিকদের বলেন, "বিক্ষোভে কোনো বিনিয়োগকারী নেই। তারা ফটকাবাজ। প্রকৃত বিনিয়োগকারীরা কখনো বিক্ষোভ করে না।" বিবৃতিতে বলা হয়, "অর্থমন্ত্রী শেয়ারবাজারের একজন অভিভাবক হিসেবে বিনিয়োগকারীদের 'ফটকাবাজ, জুয়াড়ি' বলে অভিহিত করেছেন যা অত্যন্ত দুঃখজনক।" বিনিয়োগকারীরা পুঁজিবাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এবং মন্ত্রীদের দায়িত্বহীন বক্তব্য বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন। বিবৃতিতে স্বাক্ষরদাতারা হলেন- ইনভেস্টরস ফোরামের আহবায়ক আছলাম মোরশেদ, সদস্য সচিব রানা বিশ্বাস, যুগ্ম আহবায়ক এম এ কাদের, শহীদুল মিলন প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৫৪০ ঘ.