২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসইসিকে স্মারকলিপি বিনিয়োগকারীদের

বাংলাদেশ ফান্ডের আকার বাড়ানো, বিনিয়োগ নিরাপত্তা আইন প্রণয়নসহ ১৫ দফা দাবিতে পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা এসইসিকে স্মারকলিপি দিয়েছে পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2011, 07:32 AM

Updated : 07 Jul 2022, 08:58 PM

ঢাকা, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ফান্ডের আকার বাড়ানো, বিনিয়োগ নিরাপত্তা আইন প্রণয়নসহ ১৫ দফা দাবিতে পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা এসইসিকে স্মারকলিপি দিয়েছে পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ।

বাজারে দরপতনের প্রেক্ষাপটে সোমবার তাদের একটি প্রতিনিধি দল সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে (এসইসি) গিয়ে স্মারকলিপি দিয়ে আসে।

পুঁজিবাজারে দরপতনের পর এ সংগঠনের ব্যনারেই বিনিয়োগকারীরা মতিঝিলে বিক্ষোভ করে আসছে। গত কয়েকদিনে তাদের মিছিল থেকে অর্থমন্ত্রী ও গভর্নরের পদত্যাগ দাবিতে স্লোগানও দেওয়া হয়।

তবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিক্ষোভের সমালোচনা করে রোববার সাংবাদিকদের বলেন, "বিক্ষোভে কোনো বিনিয়োগকারী নেই। তারা ফটকাবাজ। প্রকৃত বিনিয়োগকারীরা কখনো বিক্ষোভ করে না।"

বিনিয়োগকারী ঐক্য পরিষদের দাবির মধ্যে রয়েছে- বাংলাদেশ ফান্ডের আকার ৫ হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ হাজার কোটি টাকা করা, বিনিয়োগ নিরাপত্তা আইন প্রণয়ন, পুঁজিবাজারে কারসাজিতে জড়িতদের লগ্নি করা অর্থ দুই বছর পর্যন্ত না তোলার বাধ্যবাধকতা আরোপ, মার্জিন লোনের হার ১:২ কার্যকর ইত্যাদি।

পরিষদের সভাপতি মিজানুর রশীদ চৌধুরী সাংবাদিকদের বলেন, এ সব দাবি বিবেচনার আশ্বাস এসইসি দিয়েছে।

এদিকে মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধি দলও সোমবার এসইসির সঙ্গে বৈঠক করে।

বৈঠক থেকে বেরিয়ে সোনালী ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী ওয়ালিউর রহমান সাংবাদিকদের বলেন, মার্চেন্ট ব্যাংকের দক্ষতা ও তহবিল বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া বিনিয়োগকারীদের সচেতনতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/১৩২০ ঘ.