২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে সূচক বেড়েছে, বাড়েনি লেনদেন

আগের দিন ব্যাপক দরপতনের কারণে বিক্ষোভের পর দিন চাঙাভাবে লেনদেন শেষ করেছে ঢাকার পুঁজিবাজার। অবশ্য সূচক ও অধিকাংশ শেয়ারের দাম বাড়লেও লেনদেন কমেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2011, 04:50 AM

Updated : 24 Aug 2022, 03:43 PM

ঢাকা, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগের দিন ব্যাপক দরপতনের কারণে বিক্ষোভের পর দিন চাঙাভাবে লেনদেন শেষ করেছে ঢাকার পুঁজিবাজার। অবশ্য সূচক ও অধিকাংশ শেয়ারের দাম বাড়লেও লেনদেন কমেছে। সপ্তাহের প্রথম দিন রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ১৩৯ পয়েন্ট পড়ে। সোমবার লেনদেন শুরুর ছয় মিনিটে সাধারণ সূচকে যোগ হয় ৯৮ পয়েন্ট। এরপরও ঊর্ধ্বগতির ধারা অব্যাহত ছিলো শেষ পর্যন্ত। দুই সপ্তাহ ধরে দরপতনের পর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতি শাকিল রিজভী রোববার বলেছিলেন, পুঁজিবাজার আবার ঘুরে দাঁড়ানোর পর্যায়ে চলে এসেছে। সোমবার দিন শেষে সূচক দাঁড়িয়েছে ৬২২৩ পয়েন্ট, যা দিনের শুরুর চেয়ে ১০৩ পয়েন্ট বেশি। সারাদিনে লেনদেন হয়েছে ৪৯৫ কোটি টাকার শেয়ার। গত দিনে ৫৬০ কোটির শেয়ার হাতবদল হয়েছিলো। লেনদেন হওয়া ২২৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ২৪টির, ৫টির দাম অপরিবর্তিত ছিলো। সাধারণ সময়ে পুঁজিবাজারে সকাল ১১টা থেকে ৩টা পর্যন্ত চালু থাকলেও রমজানের পুরোটা সময় লেনদেন চলবে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত। রোববার ব্যাপক দরপতনের পর অর্থমন্ত্রী ও গভর্নরের পদত্যাগ দাবিতে বিক্ষোভ হয় মতিঝিলে। ডিএসইতে গত বৃহস্পতিবারও সূচক ১২৯ পয়েন্ট কমে। তখনও বাংলাদেশ পুঁজিবাজার ঐক্য পরিষদের ব্যানারে মতিঝিলে বিক্ষোভ করে ক্ষুব্ধ বিনিয়োগকারীরা। টানা এক সপ্তাহ দরপতনের পর গত ৩ অগাস্ট বিক্ষোভ করেছিলো বিনিয়োগকারীরা। তবে পরদিনই চাঙাভাব ফেরে পুঁজিবাজারে। এক দিনেই সূচক বাড়ে প্রায় দু'শ' পয়েন্ট। এরপর ফের পতনের ধারায় ফেরে পুঁজিবাজার। বিনিয়োগকারীদের মিছিল থেকে অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি করা হলেও আবুল মাল আবদুল মুহিত রোববার সাংবাদিকদের বলেন, "বিক্ষোভে কোনো বিনিয়োগকারী নেই। তারা ফটকাবাজ। প্রকৃত বিনিয়োগকারীরা কখনো বিক্ষোভ করে না।" বাজার স্থিতিশীল করতে সরকার নানা ধরনের পদক্ষেপ নিচ্ছে বলেও জানান তিনি। পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা এসইসির চেয়ারম্যান এম খায়রুল হোসেনও বলেন, বিনিয়োগকারীদের ভয়ের কিছু নেই। বাজার স্থিতিশীল করতে কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে ঝুঁকি এড়াতে মৌলভিত্তি সম্পন্ন শেয়ারে বিনিয়োগের পরামর্শ দিয়েছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১৩৫৮ ঘ.