২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিজভীর আশা, বাজার এবার ঘুরে দাঁড়াবে

দুই সপ্তাহ ধরে দরপতনের পর দেশের পুঁজিবাজার আবার ঘুরে দাঁড়ানোর পর্যায়ে চলে এসেছে বলে মনে করেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতি শাকিল রিজভী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2011, 02:00 PM

Updated : 24 Aug 2022, 03:42 PM

ঢাকা, অগাস্ট ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই সপ্তাহ ধরে দরপতনের পর দেশের পুঁজিবাজার আবার ঘুরে দাঁড়ানোর পর্যায়ে চলে এসেছে বলে মনে করেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতি শাকিল রিজভী। তার বিশ্বাস, বাজার 'সহসাই' ঘুরে দাঁড়াবে। গত ১০ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর সাধারণ মূল্যসূচক মোট ৫৯০ দশমিক ৩৭ পয়েন্ট কমে রোববার ৬ হাজার ১২০ পয়েন্টে দাঁড়িয়েছে। এই ১০ দিনের মধ্যে সুচক বেড়েছে কেবল একদিন। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) বাছাই সূচক সিএসসিএক্স গত দশ কার্যদিবসে কমেছে ১ হাজার ১৬৫ দশমিক ৪৮ পয়েন্ট। রোববার সূচকের ঘরে ১১ হাজার ১৭২ দশমিক ৯৫ পয়েন্ট নিয়ে লেনদেন শেষ করেছে এ বাজার। শাকিল রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এর আগে কয়েক সপ্তাহ ধরে বাজার বেড়েছিল। সেই বৃদ্ধিরই মূল্য সংশোধন হচ্ছে। এরসঙ্গে যোগ হয়েছে মামলার গুঞ্জন।" ডিএসই সভাপতি মনে করেন, কমতে কমতে বাজার এখন সেই পর্যায়ে চলে এসেছে- যখন বিনিয়োগকারীরা আর শেয়ার বিক্রি করেন না। "আমার মনে হয়, বাজার সেই পর্যায়ে চলে এসেছে। এখন সহসাই ইউটার্ন করবে।" গত ২৮ জুন ডিএসইর সাধারণ মূল্যসূচক ছিলো ৫ হাজার ৯৭০ দশমিক ৪৮ পয়েন্ট। এরপর ১৭ কার্যদিবসে ৭৪০ পয়েন্ট বেড়ে ২৪ জুলাই তা ৬ হাজার ৭১০ দশমিক ৫৩ পয়েন্টে দাঁড়ায়। এরপর ১০ কার্যদিবসের মধ্যে ৯ দিনই সূচক পড়েছে। কেবল বুধবার সূচক বাড়ে ১৯৬ পয়েন্ট। টানা দরপতনের কারণে গত কয়েকদিনের মতো রোববারও ডিএসইর সামনে বিক্ষোভ করেছে 'বাংলাদেশ পুঁজিবাজার বিনয়োগকারী ঐক্য পরিষদ' নামের একটি সংগঠন। এ সময় অর্থমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংক গভর্নরের পদত্যাগ দাবি করে তারা। গত ডিসেম্বর-জানুয়ারিতে পুঁজিবাজারের অস্থিরতা তদন্তে গঠিত কমিটির প্রতিবেদনে শেয়ারের দাম 'অস্বাভাবিক' বৃদ্ধির পেছেনে কারসাজিসহ বেশকিছু পর্যবেক্ষণ তুলে ধরা হয়। গত ৩০ এপ্রিল সরকারের পক্ষ থেকে জানানো হয়, এসব বিষয়ে এসইসি শিগগিরই ব্যবস্থা নেবে। এসইসি সদস্য হেলাল উদ্দিন নিজামী ৩১ জুলাই সাংবাদিকদের বলেন, কারসাজির ঘটনায় মামলা করার জন্য কাগজপত্র প্রস্তুত করা হয়েছে। ক্ষুদ্র বিনিয়োগকারীদের অভিযোগ, আগে থেকে মামলার ঘোষণা দিয়ে একটি গোষ্ঠী পুঁজিবাজারে অস্থিরতা তৈরি করছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত রোববার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, "বাজার স্থিতিশীল করতে সরকার নানা ধরনের পদক্ষেপ নিচেছ, যার সুফল বিনিয়োগকারীরা পাবে।" একইসঙ্গে বিনিয়োগকারীদেরও সতর্ক থেকে টাকা খাটানোর পরামর্শ দেন তিনি। অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান এম খায়রুল হোসেনও রোববার বলেছেন, "বিনিয়োগকারীদের ভয়ের কিছু নেই। বাজার স্থিতিশীল করতে কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে।" এদিকে মামলার বিষয়ে সিএসই সভাপতি ফখরউদ্দিন আলী আহমেদ রোববার সাংবাদিকদের বলেছেন, যথাযাথ 'প্রমাণ' ছাড়া কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এসইসির উচিৎ হবে না। "অনুমানের ভিত্তিতে কাউকে যেন হয়রানি করা না হয়- সেটা নিশ্চয়ই উনারা (এসইসি) দেখবেন।" রোববার ডিএসইতে সূচক পড়েছে ১৩৯ পয়েন্ট; আর সিএসইতে কমেছে ২৬৬ পয়েন্ট। দুই বাজারেই কমেছে লেনদেনের পরিমাণ এবং প্রায় সব শেয়ারের দাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জেকে/১৯৫২ ঘ.