২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেড় বছর সময় চাইলেন মুহিত

দেশের অর্থনীতির ভিত শক্তিশালী করতে আরো দেড় বছর রাজনৈতিক স্থিতিশীলতা দরকার বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2011, 02:30 PM

Updated : 24 Aug 2022, 03:42 PM

ঢাকা, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের অর্থনীতির ভিত শক্তিশালী করতে আরো দেড় বছর রাজনৈতিক স্থিতিশীলতা দরকার বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থমন্ত্রী শনিবার এক মত বিনিময় সভায় বলেন, "গত আড়াই বছর আমরা যেভাবে কাটিয়েছি, আগামী দেড় বছর সেভাবে কাটাতে পারলে আরো ২৫ বিলিয়ন ডলার আহরণ করা যাবে। এটা হারাবেন, না আহরণ করবেন তা নিয়ে ভাবতে হবে।" "আগামী দেড় বছর রাজনৈতিক স্থিতিশীলতা দরকার। এরপর নির্বাচন নিয়ে ভাবতে পারি আমরা।" পাঁচ বছরের ম্যান্ডেট নিয়ে সরকার ক্ষমতায় এসেছে উল্লেখ করে মুহিত বলেন, অন্তত চার বছর আমাদের কাজ করতে দিন। বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) ভবনে 'দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে' এক মত বিনিময় সভায় কথা বলছিলেন অর্থমন্ত্রী। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার শপথ নিয়েছে ২০০৯ সালের ৬ জানুয়ারি। গত অর্থবছরে (২০১০-১১) বাংলাদেশে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রায় ১১০ বিলিয়ন মার্কিন ডলার। চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে ৭ শতাংশ। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার প্রথম অর্থবছরে (২০০৮-০৯) জিডিপি প্রবৃদ্ধি ৫ দশমিক ৭৪ শতাংশ। ২০০৯-১০ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ছিলো ৬ দশকি ৭ শতাংশ। 'সমাধান হচ্ছে আলোচনা' বিশ্বে বাংলাদেশ সম্পর্কে ধারণা অনেক ভালো- এ কথা উল্লেখ করে অর্থমন্ত্রী মুহিত বলেন, "এশিয়ায় অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশের তালিকায় চীন, জাপান ও ভারতসহ সাতটি দেশ রয়েছে। এ তালিকায় অষ্টম দেশ কে হবে তা নিয়ে আলোচনা হচ্ছে। "এ আলোচনায় বাংলাদেশ ও ভিয়েতনামের নামও রয়েছে।" "ভিয়েতনামের রপ্তানি আমাদের চেয়ে বেশি হলেও জাতীয় আয়ের হিসাবে ভিয়েতনাম ও আমরা একই অবস্থানে রয়েছি," বলেন অর্থমন্ত্রী। তবে 'দেশের আকাশে কালো ছায়া পড়েছে' মন্তব্য করে অর্থমন্ত্রী বলেন, "এখন সবচেয়ে বড় সমস্যা রাজনৈতিক অস্থিতিশীলতা।" অর্থমন্ত্রী বলেন, "দেশের আশা-অকাক্সক্ষা ও ভবিষ্যৎ নির্ভর করছে রাজনৈতিক স্থিতিশীলতার ওপর। এর সমাধান হচ্ছে আলোচনা।" তিনি বিরোধী দলের উদ্দেশে প্রশ্ন করেন, "বিরাট সমস্যা কী? তত্ত্বাবধায়ক সরকার? তাহলে এ বিষয়ে প্রস্তাব নিয়ে আসেন না কেন?" বিরোধী দলকে সংসদে যাওয়ারও আহ্বান জানান তিনি। গত ৩০ জুন সংবিধান সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়। শুরু থেকেই এর বিরোধিতা করে আসা বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে আন্দোলন করছে। ঝুঁকি মোকাবিলায় আগামী মাসে টাস্কফোর্স দেশের অর্থনীতির জন্য তিনটি ঝুঁকি রয়েছে বলে মত বিনিময় সভায় জানান আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, "এ তিনটি ঝুঁকি হলো- বৈদেশিক মুদ্রার লেনদেনে ভারসাম্য, দ্রব্যমূল্য ও বিনিয়োগ। এসব ঝুঁকি মোকাবিলায় নতুন টাস্কফোর্স গঠন করছি আমরা। আশা করছি আগামী মাসেই এটা আনতে পারবো।" বিদ্যুৎ সমস্যা সভায় বিদ্যুৎ সমাস্যার সমাধানের জন্য ব্যবসায়ীদের পক্ষ থেকে অর্থমন্ত্রীকে তাগাদা দেওয়া হয়। এর জবাবে অর্থমন্ত্রী বলেন, "গ্যাস খাতে অগ্রগতি বাহাদুরির মতো কিছু না হলেও এ সরকারের সময় বিদ্যুতে অগ্রগতি আছে। এ বছর শেষে নতুন করে আড়াই হাজার মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রীডে যোগ হবে বলে আশা করা হচ্ছে।" এফবিসিসিআই আয়োজিত মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাসউদ্দিন, এফবিসিসিআই সভাপতি একে আজাদ ও বিভিন্ন ব্যবসায় সংগঠনের নেতারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/পিডি/১৯৪৭ ঘ.