২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুলাইয়ে রেমিটেন্স এসেছে ১০২ কোটি ডলার

অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রবাসী বাংলাদেশিরা গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ২০ শতাংশ বেশি অর্থ পাঠিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2011, 01:57 PM

Updated : 24 Aug 2022, 03:42 PM

ঢাকা, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রবাসী বাংলাদেশিরা ১০২ কোটি ৮১ লাখ ডলার দেশে পাঠিয়েছেন, যা গত বছরের জুলাই মাসের চেয়ে প্রায় ২০ শতাংশ বেশি। ২০১০-১১ অর্থবছরের জুলাই মাসে রেমিটেন্স বাবদে ৮৫ কোটি ৭৩ লাখ ডলার দেশে এসেছিল। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক প্রকাশিত তথ্য অনুযায়ী, গত অর্থবছরে সবমিলিয়ে এক হাজার ১৬৫ কোটি ডলার দেশে পাঠিয়েছিলেন প্রবাসীরা। রেমিটেন্সে প্রবৃদ্ধি হয়েছিল ৬ দশমিক ০৩ শতাংশ। রেমিটেন্স প্রবাহ বাড়ায় কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভও বেড়েছে। আমদানি ব্যয় মেটাতে গিয়ে দুই সপ্তাহ আগে রিজার্ভ এক হাজার কোটি ডলারে নেমে আসলেও বৃহস্পতিবার তা বেড়ে এক হাজার ৪১ কোটি ডলারে পৌঁছেছে। গত অর্থবছর ১২ মাসের মধ্যে তিন মাসে ১০০ কোটি ডলারের বেশি রেমিটেন্স এসেছিল। এর মধ্যে মার্চ মাসে ১১০ কোটি ৩০ লাখ ডলার, এপ্রিলে ১০০ কোটি ২০ লাখ ডলার এবং অর্থবছরের শেষ মাস জুনে ১০৩ কোটি ৮৯ লাখ ডলার দেশে পাঠিয়েছিলেন প্রবাসী বাংলাদেশিরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/১৯৫৭ ঘ.