২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে কৃষি ব্যাংক থেকে ১৫ লাখ টাকা চুরি

কৃষি ব্যাংক নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ শাখার ১৫ লাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2011, 12:23 PM

Updated : 24 Aug 2022, 03:41 PM

নারায়ণগঞ্জ, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কৃষি ব্যাংক নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ শাখার ১৫ লাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার দুপুরে সদর উপজেলার শিমরাইল মোড়ে অবস্থিত ব্যাংকের শাখায় ঘটনাটি ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ব্যাংক কর্তৃপক্ষ সাংবাদিকদের জানায়, দুপুরে দেলোয়ার হোসেন নামে এক ব্যবসায়ী ১৫ লাখ টাকা উত্তোলনের জন্য একটি চেক জমা দেন। কিন্তু ব্যাংকে ওই পরিমাণ টাকা না থাকায় ওই শাখার ব্যাবস্থাপক মোবারক হোসেন ও সহকারী ব্যাবস্থাপক শফিকুল আলম ব্যাংকটির মদনপুর শাখা থেকে ১৫ লাখ টাকা একটি ব্যাগে করে নিয়ে আসেন। এরপর তারা টাকার ব্যাগটি ব্যাংকের হিসাবরক্ষক ফজলুল হক ও আ. কুদ্দুছ মিয়াকে বুঝিয়ে দেন। ব্যাংকের সিদ্ধিরগঞ্জ শাখা ব্যবস্থাপক মোবারক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুই হিসাবরক্ষককে টাকার ব্যাগ বুঝিয়ে দেওয়ার কিছুক্ষণ পরেই তারা ব্যাগটি পাননি বলে জানান। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। ব্যবস্থাপক আরো জানান, দুই যুবক কাউন্টারে ঢুকে হিসাবরক্ষকের টেবিলের সামনে থেকে টাকাভর্তি ব্যাগ নিয়ে চলে যায় বলে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছে। ঘটনাস্থল পরিদর্শনকারী সিদ্ধিরগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবুল হোসেন জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বিকেল ৪টা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮১৮ ঘ.