চট্টগ্রাম, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বতন্ত্র বেতন কাঠামো ও লভ্যাংশের ভিত্তিতে ইনসেনটিভ বোনাসের দাবিতে রমজানের পর কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদ।
বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিবিএ নেতারা এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান কর্মচারী পরিষদের সভাপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন।
বন্দর কর্মচারীদের স্বতন্ত্র বেতন কাঠামো বাস্তবায়নের লক্ষ্যে ২০০৫ সালে গঠিত সরকারি কমিটির সঙ্গে সিবিএ'র চুক্তি সই হয়েছিলো।
এ বছরের ১ জানুয়ারি নৌমন্ত্রী শাহজাহান খান পরবর্তী এক মাসের মধ্যে বন্দর কর্মচারীদের স্বতন্ত্র বেতন কাঠামোর দাবি বাস্তবায়নের অঙ্গীকার করলেও তার বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ করলেন কর্মচারী নেতারা।
মমতাজ বলেন, "অবিলম্বে চট্টগ্রাম বন্দরের কর্মচারীদের স্বতন্ত্র বেতন কাঠামো, মূল বেতন কাঠামোর ২৫ শতাংশ পোর্ট ডিউটি, লভ্যাংশের ২০ শতাংশ ইনসেনটিভ বোনাসসহ অন্যান্যা দাবি মেনে নেয়া না হলে রমজানের পর মানববন্ধন ও কর্মবিরতিসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।"
এর আগে ২০ জুলাই বন্দর ভবনের সামনে সমাবেশ করে দাবি পূরণে ৩১ জুলাই পর্যন্ত আল্টিমেটাম দিয়েছিল সংগঠনটির নেতারা।
চুক্তি বাস্তবায়নে সরকারের একটি প্রতিনিধি দল ২০০৬ সালে শ্রীলংকা, পাকিস্তান ও সিঙ্গাপুরের কয়েকটি বন্দর পরিদর্শন করে জানিয়ে মমতাজ বলেন, পোর্ট অব কলম্বো মোট আয়ের ৬০ শতাংশ এবং করাচি পোর্ট ২৬ শতাংশ তাদের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ব্যয় করে বলে ওই কমিটি জানিয়েছিলো। এর বিপরীতে চট্টগ্রাম বন্দর খরচ করে ৬ দশমিক ৮১ শতাংশ।
লিখিত বক্তব্যে বলা হয়, যন্ত্রপাতি ও অবকাঠামোগত ঘাটতি নিয়ে 'বেঞ্চমার্ক দ্য এফিশিয়ান্সি অব এশিয়ান কন্টেইনার পোর্টস' জরিপে ১৭টি দেশের ৬৯টি বন্দরের মধ্যে শীর্ষ স্থান লাভ করেছে চট্টগ্রাম বন্দর। এটি অর্জিত হয়েছে কর্মচারীদের ঐকান্তিক প্রচেষ্টা, সর্বোচ্চ ত্যাগ ও শ্রমে।
পরিষদের সাধারণ সম্পাদক ওহিদুল্লাহ সরকার বলেন, চট্টগ্রাম বন্দর গত অর্থ বছরে সরকারকে আয়কর ও অনুদান খাতে প্রায় ৩৫০ কোটি টাকা দেওয়ার পরও নিট রাজস্ব উদ্বৃত্ত রয়েছে ৫০০ কোটি টাকা। অন্য লোকসানি প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশন ও বাংলাদেশ বিমানের কর্মকর্তা-কর্মচারীরা স্বতন্ত্র বেতন কাঠামো পান, কিন্তু তারা পান না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/আরএম/এমআই/১৬৫০ ঘ.
bdnews24