ঢাকা, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা এক সপ্তাহ দরপতনের পর চাঙাভাব ফিরেছে দেশের দুই পুঁজিবাজারে। সূচকের পাশাপাশি বেড়েছে অধিকাংশ শেয়ারের দাম। তবে আগের দিনের চেয়ে কমেছে লেনদেন।
মঙ্গলবার ব্যাপক দরপতনে বিক্ষোভের পর বুধবার দিনের শুরু থেকেই সূচকের ঊর্ধ্বগতি দেখা যায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।
রমজানে পুনর্নির্ধারিত সময় সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর ১৫ মিনিটেই ডিএসই সাধারণ সূচক ১০০ পয়েন্ট বেড়ে যায়। মাঝে কিছু সময় ওঠানামা চললেও পরে দরবৃদ্ধি অব্যাহত থাকে শেষ পর্যন্ত।
দিন শেষে সাধারণ সূচক দাঁড়িয়েছে ৬৩৮৯ পয়েন্ট, যা দিনের শুরুর চেয়ে ১৯৬ পয়েন্ট বেশি।
এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বাছাই সূচক সিএসসিএক্স ৩৩৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৬২৯ পয়েন্টে।
এদিন দুই শেয়ার বাজারেই বিভিন্ন খাতের বেশ কিছু প্রতিষ্ঠানের শেয়ার একদিনে দাম বৃদ্ধির শীর্ষে পৌঁছে বিক্রেতাশূন্য হয়ে পড়ে।
ডিএসইতে সারাদিনে ৬১১ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে প্রায় ২৩১ কোটি টাকা কম। লেনদেন হওয়া ২৪৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৮টির, ২টির দাম অপরিবর্তিত ছিলো।
সিএসইতে লেনদেন হয়েছে ৭৭ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে প্রায় ৭ কোটি টাকা কম। সিএসইতে লেনদেন হওয়া ১৮৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১২টির, ৪টির দাম অপরিবর্তিত ছিলো।
এর আগে টানা সাত দিন দুই পুঁজিবাজারে দরপতন হয়।
মঙ্গলবার দরপতনের পর বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে হাজার খানেক মানুষ মতিঝিলে বিক্ষোভ করে। বাজার নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে স্লোগান দেয় তারা। সমাবেশে অর্থমন্ত্রী ও গভর্নরের পদত্যাগও দাবি করে তারা।
তবে পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে বলেছে, বাজারের ওপর তাদের সতর্ক দৃষ্টি রয়েছে।
বুধবার ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিলো- মালেক স্পিনিং, বেক্সিমকো, গ্রামীণফোন, আরএন স্পিনিং, ন্যাশনাল ব্যাংক, এমআই সিমেন্ট, ইউনাটেড এয়ার, কেয়া কসমেটিকস, স্কয়ার টেক্সটাইল ও গোল্ডেন সন।
দাম বাড়ার শীর্ষে ছিলো- বিচ হ্যাচারি, আরএন স্পিনিং, ড্যাফোডিল কম্পিউটারস, এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ড, স্যালভো কেমিক্যালস, গ্রামীণ টু, এশিয়া ইন্সুরেন্স, গ্রামীণ ওয়ান, মেঘনা কনডেনসড মিল্ক ও বিজিআইসি।
এদিকে ডিএসইতে দাম কমার শীর্ষে ছিলো- বিওসি বাংলাদেশ, এনটিসি, মুন্নু স্টাঢলারস, শ্যামপুর সুগার মিল্স, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, মুন্নু জুটেক্স, ইস্টার্ন লুব্রিকেন্টস, এসইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, জেমিনি সি ফুড ও রেকিট বেনকিজার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/১৭৪৫ ঘ.
bdnews24