ঢাকা, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা এক সপ্তাহ দরপতনের পর ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে বিক্ষোভ করেছে বিনিয়োগকারীরা। মঙ্গলবার ডিএসই সূচক হারিয়েছে ১৭৪ পয়েন্ট। লেনদেন কমেছে, কমেছে প্রায় সব শেয়ারের দাম।
দিনের শুরুতে কিছুটা উঠলেও আধা ঘণ্টা পরই দরপতন শুরু হয় ঢাকার পুঁজিবাজারে।
দুপুর সাড়ে ১টার দিকে সূচক একশ পয়েন্টের বেশি কমে গেলে মতিঝিলে রাস্তায় নেমে আসে বিনিয়োগকারীরা।
বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে হাজার খানেক মানুষ এ বিক্ষোভে অংশ নেয়। বাজার নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে স্লোগান দেয় তারা।
দিনের লেনদেন শেষ হওয়ার পর সমাবেশ করে তারা। সমাবেশে বক্তারা বলেন, অর্থমন্ত্রী ও গভর্নর পুঁজিবাজার পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়েছেন। তাদের পদত্যাগ করতে হবে।
তবে বিক্ষোভ চললেও পুলিশের হস্তক্ষেপে মতিঝিলের ব্যস্ততম ওই সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়নি।
রমজানে পুনর্নিধারিত সময় সকাল সাড়ে ১০টায় শুরু হয় ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন। সাধারণ সময়ে পুঁজিবাজারে সকাল ১১টা থেকে ৩টা পর্যন্ত চালু থাকলেও রমজানের পুরোটা সময় লেনদেন চলবে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত।
দিন শেষে ডিএসইতে সাধারণ সূচক দাঁড়িয়েছে ৬১৯২ পয়েন্ট, যা দিনের শুরুর চেয়ে ১৭৪ পয়েন্ট কম।
সারাদিনে ৮৪২ কোটি টাকার শেয়ার হাতবদল হয়। গত দিনে মোট লেনদেনের পরিমাণ ছিলো ১ হাজার কোটি টাকা।
লেনদেন হওয়া মাত্র ১২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ২৪২টির। ৩টির দাম অপরিবর্তিত ছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/১৩৫৪ ঘ.
bdnews24