ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রমজানে সারাদেশে প্রয়োজনে নিজস্ব ব্যবস্থাপনায় রাত ৮টার পর দোকান খোলা রাখবে বলে সরকারকে জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।
রোববার রাজধানীর আব্দুল গণি সড়কে বিদ্যুৎ ভবনে রমজানে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে বিদ্যুৎ বিভাগের সঙ্গে দোকান মালিক সমিতির বৈঠক হয়। বৈঠক শেষে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা বলেন সমিতির সভাপতি আমির হোসেন খান।
তবে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সরকার যেসব পদক্ষেপ নেওয়ার কথা বলেছে তাতে দোকান মালিকরা সহযোগিতা করবে বলে জানান তিনি।
কেউ নিজস্ব ব্যবস্থাপনায় বিদ্যুৎ সরবরাহ করে দোকান চালু রাখলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) আপত্তি থাকবে না বলে জানিয়েছেন পিডিবি চেয়ারম্যান এ এস এম আলমগীর কবির।
আমির হোসেন বলেন, বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে রাত ৮টার পর দোকান বন্ধ রাখতে বলা হয়েছে। কিন্তু ইফতারের পর মাগরিবের নামাজ শেষ হতে হতে রাত ৮টা বেজে যাবে।
"এতে ক্রেতারা মার্কেটে এসে দোকান বন্ধ পাবে আর আমাদের ব্যবসা বন্ধ করে বসে থাকতে হবে। এটা তো হতে পারে না।"
তিনি বলেন, বিদ্যুৎ বিভাগ বিদ্যুৎ সরবরাহ না করলেও নিজস্ব ব্যবস্থাপনায় রাত ৮টার পরও মালিকরা দোকান খোলা রাখবে।
বিদ্যুৎ সাশ্রয়ে ওই বৈঠকে বিদ্যুৎ বিভাগ যেসব প্রস্তাব দিয়েছে সেগুলো হলো- ইফতারির সময় থেকে তারাবির নামাজ পর্যন্ত দোকানে বিদ্যুৎ কম ব্যবহার করাএবং শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বন্ধ রাখা।
পিডিবি চেয়ারম্যান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দোকান মালিক সমিতিকে রাত ৮টার পর দোকান বন্ধ রাখার জন্য বলা হয়েছে। তারা তা না মানলে সরকার ব্যবস্থা নেবে। আর লোড শেডিংয়ের মাত্রা বেড়ে গেলে বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো রাত ৮টার পর বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেবে।
বৈঠকে ব্যবসায়ী ও জনগণের সুবিধার জন্য পিক আওয়ারে (বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত) একটানা এক ঘণ্টার পরিবর্তে আধ ঘণ্টা করে দুই দফায় লোড শেডিং এবং মসজিদগুলোতে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহারের পরিবর্তে ফ্যান চালানোর সিদ্ধান্ত হয়েছে বলে জানান আলমগীর কবির।
বৈঠকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুৎ বিভাগের সচিব আবুল কালাম আজাদসহ বিদ্যুৎ বিতরণকারী সংস্থার প্রধানরা এবং মালিক সমিতির পক্ষে সহ-সভাপতি মোখলেছুর রহমান খান, সাধারণ সম্পাদক এস এ কাদের কিরণ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/পিডি/২১০৮ ঘ.
bdnews24