২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেসরকারি কেন্দ্র থেকে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ কিনতে চুক্তি

চট্টগ্রামের পতেঙ্গায় নির্মিতব্য ৫০ মেগাওয়াট ক্ষমতার একটি বেসরকারি কেন্দ্র থেকে বিদ্যুৎ কিনতে চুক্তি করেছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2011, 12:32 PM

Updated : 24 Aug 2022, 03:40 PM

ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের পতেঙ্গায় নির্মিতব্য ৫০ মেগাওয়াট ক্ষমতার একটি বেসরকারি কেন্দ্র থেকে বিদ্যুৎ কিনতে চুক্তি করেছে সরকার। রোববার বিদ্যুৎ ভবনে বরকতউল্লাহ ইলেকট্রো ডায়নামিকস লিমিটেডের সঙ্গে এ চুক্তি হয়। পিডিবির জনসংযোগ কার্যালয়ের পরিচালক সাইফুল ইসলাম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১৫ বছর মেয়াদী এই চুক্তির আওয়াতায় বরকতউল্লাহ ইলেকট্রো ডায়নামিকস লিমিটেডের কাছ থেকে প্রতি কিলোওয়াট বিদ্যুৎ ৬ টাকা ৯১ পয়সায় কিনবে পিডিবি। ফার্নেস অয়েল চালিত এ বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ ২০১২ সালের অক্টোবরে শেষ হওয়ার কথা। এরপরই তাদের কাছ থেকে বিদ্যুৎ পাবে পিডিবি। সরকারের পক্ষে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সচিব মো. আজিজুল ইসলাম এবং বরকতউল্লাহ ইলেকট্রো ডায়নামিকস লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক গোলাম রব্বানী চুক্তিতে সই করেন। অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান এএসএম আলমগীর কবির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দেশে সাড়ে ৫ হাজার মেগাওয়াট চাহিদার বিপরীতে বিদ্যুতের দৈনিক গড় উৎপাদন সাড়ে ৪ হাজার মেগাওয়াট। রোববার সর্বোচ্চ উৎপাদন ছিলো ৪ হাজার ৫৩৮ মেগাওয়াট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/জেকে/১৮১৫ ঘ.