চট্টগ্রাম, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশি জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের আরো দুটি জাহাজ গেলো বিদেশে। এছাড়া তাদের তৈরি করা আরো দুটি নৌযান হস্তান্তর হয়েছে স্থানীয় দুই কর্তৃপক্ষের কাছে।
ওয়েস্টার্ন মেরিন শুক্রবার সকালে এ চারটি জাহাজ হস্তান্তর করে। আগ্রাবাদে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মেরিন ওয়ার্কশপ ঘাটে হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌমন্ত্রী শাজাহান খান।
গ্রোনা শিপিং এর জন্য নির্মিত 'এমস টাইড' ও 'এমস ওয়েভ' আইস ক্লাস জাহাজ দুটির প্রত্যেকটি তৈরিতে ১০০ কোটি টাকা করে ব্যয় হয়েছে। এ দুটি গ্রহণ করেন গ্রোনা শিপিংয়ের ব্যবস্থাপনা পরিচালক এ্যাব প্রিন্স।
এর আগে ওয়েস্টানর্ মেরিন শিপইয়ার্ড জার্মানির গ্রোনা শিপিং এর কাছে আরো চারটি বাণিজ্যিক জাহাজ সরবরাহ করেছিল। এ দুটিসহ মোট ছয়টি জাহাজ বিদেশে সরবরাহ করলো তারা।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জন্য তৈরি করা পাইলট ভ্যাসেল 'পিভিরক্ষী' নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব আব্দুল মান্নান হাওলাদার এবং বিআইডব্লিউটিসি'র জন্য তৈরি রো-রো ফেরি 'বীরশ্রেষ্ঠ মো. রুহুল আমীন' প্রতিষ্ঠানের চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল গ্রহণ করেন। 'বীরশ্রেষ্ঠ মো. রুহুল আমীন' ও 'পিভি রক্ষী' তৈরিতে মোট ব্যয় হয় প্রায় ৪২ কোটি টাকা।
ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত জাহাজ হস্তান্তর অনুষ্ঠানে সংসদ সদস্য ও চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি আখতারুজ্জামান চৌধুরী, বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান জালাল আহমদ, বাংলাদেশে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত আলফোনস জেএজেএমজি হ্যানিক্যান উপস্থিত ছিলেন।
ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড'র ব্যবস্থাপনা পরিচালক মো.সাখাওয়াত হোসেন বলেন, আন্তর্জাতিক মান বজায় রেখে জাহাজগুলো তৈরি করা হয়েছে।
গ্রোনা শিপিং এর জন্য তৈরি করা জাহাজ দুটি বাণিজ্যিকভাবে ব্যবহার করা হবে। ৩৭০ জন যাত্রী ও ২৭ ট্রাক ধারণ ক্ষমতাসম্পন্ন রো-রো ফেরি 'বীরশ্রেষ্ঠ মো.রুহুল আমীন' মাওয়া থেকে চর জানাজাত এবং মাদারীপুর নৌপথে চলাচল করবে।
এছাড়া পাইটল ভ্যাসেল 'পিভি রক্ষী' চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে জাহাজের নাবিক এবং কর্মকর্তাদের পরিবহনে ব্যবহৃত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/সিএম/এমআই/১০৪৫ ঘ.
bdnews24