২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা বেড়েছে

চলতি অর্থবছর ১৩ হাজার ৮০০ কোটি টাকা কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ঠিক করেছে কেন্দ্রীয় ব্যাংক, যা গত বছরের চেয়ে এক হাজার কোটি টাকা বা ৯ দশমিক ৪ শতাংশ বেশি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2011, 06:37 AM

Updated : 24 Aug 2022, 03:39 PM

ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি অর্থবছর ১৩ হাজার ৮০০ কোটি টাকা কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ঠিক করেছে কেন্দ্রীয় ব্যাংক, যা গত বছরের চেয়ে এক হাজার কোটি টাকা বা ৯ দশমিক ৪ শতাংশ বেশি। বৃহস্পতিবার তফসিলি ও বাণিজ্যিক ব্যাংকগুলোর নির্বাহী প্রধানদের সঙ্গে বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ঘোষণা করেন। গত অর্থবছরে নির্ধারিত কৃষিঋণ বিতরণের লক্ষ্য অর্জনে ব্যাংকগুলোর প্রচেষ্টার জন্য তাদের ধন্যবাদ জানান গভর্নর। তিনি বলেন, "গত অর্থবছরে এ যাবতকালের সর্বোচ্চ ১২ হাজার ৬১৭ কোটি টাকার কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিলো। আপনাদের আন্তরিকতা ও নিরলস প্রচেষ্টার ফলে লক্ষ্যমাত্রার প্রায় ৯৭ শতাংশ অর্জিত হয়েছে।" গভর্নর জানান, গত অর্থবছরে ৬৭ শতাংশ কৃষিঋণ আদায় হয়েছে, যা আগের বছর ছিলো ৬১ শতাংশ। অর্থনীতিতে কৃষির গুরুত্ব তুলে ধরে গভর্নর বলেন, কৃষিখাতকে আরো শক্তিশালী করতে একটি টেকসই কৃষিঋণ ব্যবস্থা গড়ে তোলার জন্য কাজ করা হচ্ছে। এজন্য ঋণ গ্রাহক নির্বাচন, ঋণের সঠিক ব্যবহার নিশ্চিত করা ও ঋণ আদায়ে তদারকি বাড়াতে ব্যাংকগুলোকে শাখা পর্যায়ে পর্যাপ্ত লোকবল নিয়োগের তাগাদা দেন তিনি। গভর্নর বলেন, "এ ক্ষেত্রে আপনারা নিয়মিতভাবে নিয়োগ দেওয়া সম্ভব না হলে 'নো ওয়ার্ক, নো পে' ভিত্তিতে সাময়িকভাবে লোকবল নিয়োগ করতে পারেন।" এছাড়া কৃষক পর্যায়ে সময়মত ও দ্রুত ঋণ পৌঁছানো অব্যাহত রাখতে সর্বোচ্চ দেড় লাখ টাকা পর্যন্ত স্বল্প মেয়াদি কৃষিঋণের ক্ষেত্রে সিআইবি রিপোর্টিং ও সিআইবি ইনক্যোয়ারি প্রয়োজন হবে না বলে জানান তিনি। রেয়াতী সুদহার ২ শতাংশ বৃদ্ধি গভর্নর বলেন, সরকারের ৬ শতাংশ হার সুদ ক্ষতিপূরণ সুবিধার আওতায় চলতি অর্থবছর থেকে ডাল, তৈলবীজ, মসলা জাতীয় ফসল ও ভুট্টা চাষের জন্য বিদ্যমান রেয়াতী সুদহার ২ শতাংশের জায়গায় ৪ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এ বছর থেকে রাষ্ট্রীয় ব্যাংকের পাশাপাশি বেসরকারি ব্যাংকগুলোও সরকারের এ সুদ ক্ষতিপূরণ সুবিধার আওতায় এসব আমদানি নির্ভর ফসল চাষে ঋণ বিতরণ করতে পারবে। সেক্ষেত্রে সুদক্ষতি বাবদ ৬ শতাংশ হিসাবে নেওয়ার পরও যদি কোনো ব্যাংকের কিছুটা সুদক্ষতি থাকে তাহলে সেটা তাদের সিএসআর হিসেবে ধরা হবে। এছাড়া ভোজ্যতেলের উৎপাদন বাড়াতে ওয়েলপাম চাষে আগ্রহীদের মাঝে কৃষি ঋণ বিতরণের ঘোষণা দেন কেন্দ্রীয় ব্যাংক গভর্নর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএইচ/এমআই/১৫০০ ঘ.