চট্টগ্রাম, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উৎসে কর বাড়ানোর প্রতিবাদে মঙ্গলবার চায়ের সাপ্তাহিক নিলামে অংশ নেননি ব্যবসায়ীরা।
নিলাম মূল্যের ওপর অতিরিক্ত পাঁচ শতাংশ উৎসে আয়কর (এআইটি-অ্যাডভান্স ইনকাম ট্যাক্স) বাড়ানোর সিদ্ধান্তের কারণে চা ক্রেতারা নিলামে অংশ নেননি। এ নিলামে প্রায় ১৬ লাখ কেজি চা'র নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
প্রতি সপ্তাহের মঙ্গলবার চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদে দেশে উৎপাদিত চায়ের সাপ্তাহিক নিলাম হয়।
টি ট্র্রেডার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মো. ইউসুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চা ক্রেতারা নিলামে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর এবং পরবর্তীতে আরও ২ শতাংশ বিক্রয় কর দিয়ে থাকেন।
এর সঙ্গে ৫ শতাংশ উৎসে কর প্রদানের সরকারি সিদ্ধান্তের কারণে তারা নিলামে অংশ নেননি বলে ইউসুফ জানান।
সারাদেশে প্রায় আড়াইশ ক্রেতা চা'র নিলামে অংশ নিয়ে থাকেন। বছরে ৫২ সপ্তাহের মধ্যে ৪৫ সপ্তাহ চা'র নিলাম হয়ে থাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২০৫৫ ঘ.
bdnews24