২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্ক দেশগুলোয় গ্যাস আমদানিতে সমীক্ষার সিদ্ধান্ত

সার্কভুক্ত দেশগুলোর জন্য বাইরে থেকে প্রাকৃতিক গ্যাস আমদানি বিষয়ে সমীক্ষার সিদ্ধান্ত নিয়েছে এ জোটের তেল ও গ্যাস সম্পদ বিষয়ক বিশেষজ্ঞ কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2011, 01:26 PM

Updated : 24 Aug 2022, 03:38 PM

ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সার্কভুক্ত দেশগুলোর জন্য বাইরে থেকে প্রাকৃতিক গ্যাস আমদানি বিষয়ে সমীক্ষার সিদ্ধান্ত নিয়েছে এ জোটের তেল ও গ্যাস সম্পদ বিষয়ক বিশেষজ্ঞ কমিটি। এ লক্ষ্যে একটি গ্যাস পাইপ লাইন নির্মাণের সমীক্ষা চালানো হবে বলে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জানান বাংলাদেশের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সার্ক এনার্জি সেন্টারের পরিচালক হিলার এ রাজা বলেন, সার্কভুক্ত অঞ্চলে দুটি সম্ভাব্য সরবরাহ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করা যায় কিনা সে বিষয়ে আলোচনা হয়েছে। সার্কভুক্ত দেশের বাইরে ইরান, তুর্কেমিনস্তান ও মিয়ানমার থেকে গ্যাস আমদানির বিষয়টিও আলোচনা হয়েছে বলে জানান তিনি। এর আগে ঢাকায় এক সভায় ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তা বিষয়ে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) অন্তর্ভুক্ত দেশগুলোর জন্য একটি কর্মপরিকল্পনা এবং খসড়া টার্মস অব রেফারেন্স চূড়ান্ত করে বিশেষজ্ঞ কমিটি। আগামী সেপ্টেম্বরে ঢাকায় অনুষ্ঠিতব্য সার্কের জ্বালানি বিষয়ক মন্ত্রী পর্যায়ের সভায় তা চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে বলে জানান জ্বালানি সচিব। জ্বালানি ও খনিজ সম্পদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে সোম ও মঙ্গলবার দুই দিনের এক সভা শেয়ে এ সংবাদ সম্মেলন হয়। সার্কভুক্ত দেশগুলো হলো- আফগানিস্তান, নেপাল, পাকিস্তান, বাংলাদেশ, ভারত, ভুটান, মালদ্বীপ ও শ্রীলংকা। ২০০৯ সালে শ্রীলঙ্কার কলম্বোতে সার্কের জ্বালানি বিষয়ক মন্ত্রী পর্যায়ের তৃতীয় সভায় জ্বালানি বিষয়ক একটি সমন্বিত ধারণাপত্র গৃহীত হয়। সেই সঙ্গে চারটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়। কমিটিগুলো হলো- তেল ও গ্যাস, বিদ্যুৎ, নবায়নযোগ্য জ্বালানি ও প্রযুক্তিবিদ্যা বিনিময়। ওই কমিটি গঠনের পর ঢাকায় প্রথমবাবের মতো তেল ও গ্যাস বিষয়ক বিশেষজ্ঞ কমিটির সভা করেছে। রাজধানী ঢাকার রূপসী বাংলা হোটেলে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে সার্ক সচিবালয়ের পরিচালক গোলাম দস্তগীর, সার্ক এনার্জি সেন্টারের পরিচালক হেলাল এ রাজা, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান মো. মোক্তাদির আলী উপস্থিত ছিলেন। কমিটির অন্য সিদ্ধান্তগুলো হলো- সার্কভুক্ত দেশগুলোর মধ্যে তেলজাত পণ্য সরবরাহের জন্য একটি পাইপ লাইন নির্মাণের জন্য সমীক্ষা, সার্ক রিজিওনাল এনার্জি ট্রেড স্টাডির সুপারিশ অনুযায়ী সার্ক অঞ্চলের জন্য তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল স্থাপন, তেল শোধনাগার স্থাপন, তেল ও গ্যাসজাত পণ্য আমদানি ও রপ্তানির সম্ভাব্যতা যাচাই। এছাড়া তেল ও গ্যাস সংক্রান্ত বিভিন্ন কারিগরী ক্ষেত্রে দক্ষতা ও জ্ঞান বাড়াতে জন্য কর্মশালা ও প্রশিক্ষণ আয়োজন, এ খাতের মানবসম্পদ ও অবকাঠামো উন্নয়নে পারস্পারিক সহযোগিতা বৃদ্ধি করা, তথ্য কেন্দ্র গঠন এবং জ্বালানির সঠিক দাম নির্ধারণ, এলএনজি টার্মিনাল রক্ষণাবেক্ষণের পাশাপাশি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) গৃহস্থালি ও শিল্প কারখানায় সঠিকভাবে ব্যবহারের বিষয়ে অভিজ্ঞতা বিনিময়েরও সিদ্ধান্ত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/পিডি/১৯১৬ ঘ.