ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থ মন্ত্রণালয়ের তাগাদা পাওয়ার পর অবেশেষে বাজারে আসছে সরকারি প্রতিষ্ঠানগুলোর আরো শেয়ার।
পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান যমুনা অয়েল ও মেঘনা পেট্রোলিয়ামের আরো প্রায় ১ কোটি ৮ লাখ শেয়ার বুধবার থেকে বাজারে আসতে শুরু করবে বলে জানিয়েছেন ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামান।
বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "আগামীকাল থেকেই এসব শেয়ার বাজারে আসতে শুরু করবে।"
ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, মেঘনা পেট্রোলিয়ামের কর্পোরেট স্পন্সর বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন তাদের হাতে থাকা ৩ কোটি ২৩ লাখ ৩৯ হাজার ৯৯৪টি শেয়ারের মধ্যে ৫৪ লাখ ৫৭ হাজার ৮০০টি শেয়ার বাজারে ছাড়বে। আগামী এক মাসের মধ্যে বাজারের চলতি দরে বিক্রি হবে সেই শেয়ার।
যমুনা অয়েল কোম্পানির কর্পোরেট স্পন্সর বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন তাদের হাতে থাকা ৩ কোটি ১৪ লাখ ৯৯ হাজার ৯৯৪টি শেয়ারের মধ্যে ৫৩ লাখ ৫৫ হাজার শেয়ার বাজারে বিক্রি করবে। আগামী এক মাসের মধ্যে বাজারের চলতি দরে এই শেয়ার বিক্রি হবে।
১০ টাকা অভিহিত মূল্যের যমুনা অয়েলের প্রতিটি শেয়ারের দাম মঙ্গলবার ছিল ২৭০ টাকা। আর একই অভিহিত মূল্যের মেঘনা পেট্রোলিয়ামের শেয়ার বিক্রি হয়েছে ১৯৬ টাকায়।
যমুনা অয়েল ও মেঘনা পেট্রোলিয়াম ২০০৭ সালে পুঁজিবাজারে আসে।
মেঘনা পেট্রোলিয়ামের ৭০ শতাংশ শেয়ার সরকার ও ১৬ দশমিক ৩১ শতাংশ শেয়ার রয়েছে বিনিয়োগকারীদের হাতে। বাকি ১৩ দশমিক ৬৯ শতাংশ রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে। আর যমুনা অয়েলের ৭০ শতাংশ শেয়ার সরকার এবং ১৪ দশমিক ৯৬ শতাংশ শেয়ার বিনিয়োগকারীদের হাতে রয়েছে। বাকি ১৫ দশমিক ০৪ শতাংশ রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে।
আগামী এক মাসের মধ্যে এসব শেয়ার বিক্রি করা সম্ভব কী না- জানতে চাইলে প্রতিষ্ঠানগুলোর ইস্যু ম্যানেজার আইসিবির ব্যবস্থাপনা পরিচালক বলেন, "এটা নির্ভর করবে বাজারের চাহিদার ওপর।"
পুঁজিবাজারে শেয়ারের চাহিদা ও যোগানের ভারসাম্য রাখতে বেশ কিছুদিন ধরেই বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের শেয়ার বাজারে ছাড়ার জন্য দুই স্টক এক্সচেঞ্জ ও বিনিয়োগকারীদের পক্ষ থেকে দাবি জানানো হচ্ছে।
গত ১০ ফেব্র"য়ারি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের জানান, আগামী সেপ্টেম্বরের মধ্যে ধাপে-ধাপে সরকারি ২১টি প্রতিষ্ঠানের শেয়ার বাজারে ছাড়া হবে। এর মধ্যে পাঁচটি ইতোমধ্যেই বাজারে তালিকাভুক্ত। তাদের আরো শেয়ার ছাড়া হবে।
এর চার দিনের মাথায় ১৪ ফেব্র"য়ারি পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) জানায়, সরকারি প্রতিষ্ঠানের শেয়ার ছাড়ার সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। তবে পরদিন অর্থমন্ত্রী বলেন, এসব শেয়ার ছাড়ার সিদ্ধান্ত বাতিল হয়নি। ফেব্র"য়ারিতে যে দুটো প্রতিষ্ঠানের শেয়ার বাজারে আসার কথা ছিলো, সেগুলো ফেব্র"য়ারিতে আসছে না। তবে পর্যায়ক্রমে সবগুলোই আসবে।
চলতি মাসের মাঝামাঝি সময়ে অর্থমন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে সরকারি কোম্পানির শেয়ার দ্রুত ছাড়ার বিষয়ে তাগাদা দিয়ে আইসিবি ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়।
এই পরিপ্রেক্ষিতে যমুনা অয়েল ও মেঘনা পেট্রোলিয়ামের শেয়ার বাজারে ছাড়ার এই উদ্যোগ নিলো কর্তৃপক্ষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জেকে/১৮২৪ ঘ.
bdnews24