ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে রাজধানীর সোবহানবাগে প্রিন্স প্লাজার ব্যবসায়ীরা সোমবার মিরপুর সড়কে দুই দফা অবরোধ করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ব্যবসায়ীরা জানিয়েছেন, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ তৈমুর এককভাবে বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে নানা অজুহাতে টাকা নিয়ে থাকে। এ ব্যাপারে অভিযোগ করার পরও কোনো লাভ হয়নি। সোমবার একই ভাবে টাকা নেওয়ার চেষ্টা করে তৈমুর।
দুপুর ২টার দিকে মিরপুর সড়কে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ দেখাতে থাকেন। পরে পুলিশ তাদের বুঝিয়ে উঠিয়ে দেয় এবং থানায় মামলা করার পরামর্শ দেয়।
সমিতির সভাপতি আলহাজ শামীম আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশের বক্তব্য অনুযায়ী ব্যবসায়ীদের পক্ষ থেকে তিনজন বিকাল সাড়ে ৫টায় থানায় মামলা করতে যান। এ খবর পেয়ে তৈমুরের লোকজন থানায় গিয়ে ওসির সামনে তাদের মারধর করে। মারধরের খবর ছড়িয়ে পড়লে ব্যবসায়ীরা আবার দোকান বন্ধ করে সড়ক অবরোধ করে।
শেরে বাংলা নগর থানার ওসি জিয়াউজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, থানায় দুইপক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়েছে। আমি তাদের বুঝিয়ে শান্ত করি। সমস্যা সমাধানের জন্য আমি ব্যবসায়ীদের সঙ্গে বসেছি। তৈমুরের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
এ বিষয়ে হারুনুর রশিদ তৈমুরের বক্তব্য নিতে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও মোবাইল বন্ধ পাওয়া গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএল/২১০৯ ঘ.
bdnews24