শফিকুল ইসলাম মিলটন
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার চিনির দাম কেজি প্রতি ৬৫ টাকা নির্ধারণ করে দেওয়ার পর বাজারে দেখা দিয়েছে অস্থিরতা। খুচরা বিক্রেতাদের অভিযোগ, নির্ধারিত দামে চিনি কিনতে পারছেন না। তাই দোকানে থাকলেও বন্ধ করেছেন চিনি বিক্রি।
রোববার সকালে রাজধানীর পলাশী বাজারের মীম স্টোরের মালিক শুভর কাছে চিনি আছে কি না জানতে চাইলে তিনি জানান, চিনি নেই। তবে দোকানের এক কোনায় একটি বস্তার উপর দিয়ে পিপড়া ঘুরছে দেখিয়ে তাতে কি আছে জানতে চাইলে তিনি চুপ হয়ে যান।
চিনি থাকা সত্ত্বেও নেই বলার কারণ জানতে চাইলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সরকার চিনির দাম ঠিক করে দিয়েছে কেজি প্রতি ৬৫ টাকা। কিন্তু আমরা ৭০ টাকার কমে তা কিনতে পারি না। এ অবস্থায় প্রতি কেজি চিনি ৭৫ টাকার কমে বিক্রি করলে আমাদের লোকসান হয়। আবার ওই দামে বিক্রি করলে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করে দেয়।
"এ কারণে গত তিন-চার দিন ধরে চিনি বিক্রি বন্ধ করেছি।"
গত ২০ জুলাই মিল মালিক ও পাইকারদের সঙ্গে বৈঠকে খুচরা বাজারে প্রতি কেজি চিনির সর্বোচ্চ দাম ৬৫ টাকা নির্ধারণ করা হয়। ওইদিনও বাজারে ৭৪ টাকা কেজি দরে চিনি বিক্রি হচ্ছিলো।
রমজানের দেড় সপ্তাহ আগে নতুন মূল্য নির্ধারণের পর হঠাৎ করেই ঢাকাসহ মহানগরগুলোর বাজার থেকে চিনি 'উধাও' হয়ে যায়। কোথাও কোথাও পাওয়া গেলেও তা বিক্রি হচ্ছে অনেক বেশি দামে।
পলাশী বাজারের বাজারের মদীনা স্টোরের দোকানি রুবেল বলেন, আমরা মৌলভীবাজার থেকে চিনি আনি। গত কয়েক দিন ধরে সেখানেই চিনি পাওয়া যাচ্ছে না। কারণ সরকার চিনির পাইকারি মূল্য নির্ধারণ করেছে কেজি প্রতি ৫৮ টাকা। তারা এই দামে চিনি বিক্রি করছে না। সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে আমাদের জরিমানা করছে। এ জন্য চিনি বিক্রি বন্ধ করেছি।
তিনি আরো বলেন, কিছু দোকানে চিনি আছে। কিন্তু তারা শুধু পরিচিতদের কাছেই বিক্রি করছে। কারণ যে কোনো সময় ভ্রাম্যমাণ আদালত এসে জরিমানা করতে পারে।
ওই বাজারের ক্রেতা ডালিয়া মমতাজ বলেন, বাজারে কোনো দোকানে চিনি পেলাম না। তিন দিন আগে চিনি কিনেছিলাম কেজি ৭০ টাকা করে। এখন শুনছি দাম আরো বাড়বে।
নিউ মার্কেটেও দেখা যায় একই পরিস্থিতি। সব দোকানির একই উত্তর, 'চিনি নাই'।
নিউ মার্কেটের আল্লাহর দান স্টোরের দোকানি জামশেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমাদের লাভ না হলে আমরা চিনি বিক্রি করবো কেন? তাছাড়া গত তিন-চার দিন ধরে মৌলভীবাজারে চিনি পাওয়া যাচ্ছে না।
চিনি মজুদ ও তেলের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কার্যকর কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে টিসিবি চেয়ারম্যান, প্রধান আমদানি-রপ্তানি নিয়ন্ত্রক, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান ও জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালককে আগামী ৯ অগাস্ট তলব করেছে হাইকোর্ট।
অন্যদিকে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন (বিএসএফআইসি) জানিয়েছে, দেশে চিনির মজুদ সন্তোষজনক। মিল মালিকদের সঙ্গে বৈঠক করে ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মো. মজিবুর রহমান রোববার সাংবাদিকদের জানিয়েছেন, চাহিদা ও যোগানের ভারসাম্যহীনতাই বাজারে চিনি সঙ্কটের কারণ।
অবশ্য খুচরা বিক্রেতারা বলছেন, পাইকাররা দাম 'ঠিক' না করলে এই সঙ্কটের সামাধন সম্ভব নয়।
শান্তিনগর বাজারের সেনবাগ স্টোরের দোকানি শাহাবুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের প্রতি বস্তা চিনি কিনতে হয় সাড়ে তিন হাজার টাকায়। এতে প্রতি কেজি চিনির দাম পড়ে ৭১ টাকা ৪২ পয়সা।"
তিনি জানান, বাজারের অনেক দোকানিকে জরিমানা করা হয়েছে। এজন্য এক সপ্তাহ ধরে চিনি বিক্রি করা বন্ধ রেখেছেন তিনি।
একই চিত্র দেখা যায় নগরীর কারওয়ান বাজারে। সব দোকানিই বলেন, "চিনি নাই, গত কিছু দিন চিনি বিক্রি করা বন্ধ করে দিয়েছি।"
বাজারের দোকানে চিনি পাওয়া না গেলেও গলির ভেতরের স্থানীয় দোকানগুলোতে চিনি পাওয়া যাচ্ছে। তবে এসব দোকানে চিনির দাম কেজি প্রতি ৭৫ থেকে ৮০ টাকা।
সিদ্ধেশরী এলাকার চাঁদপুর স্টোরে চিনি বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০ টাকা দামে। রাজারবাগ পুলিশ লাইনের ১ নম্বর গেটের সামনের মঈনিয়া স্টোরে চিনি বিক্রি হচ্ছে প্রতি কেজি ৭৫ টাকা দামে।
চাঁদপুর স্টোরের দোকানি রুহুল আমিন বলেন, বাজারে চিনির অভাব থাকায় চাহিদা অনেক বেশি। এই গলির মধ্যে ভ্রাম্যমাণ আদালতও খুব একটা আসে না। তাই এলাকাবাসীর প্রয়োজন মেটাতে একটু ঝুঁকি নিয়ে হলেও চিনি বিক্রি করছি।
মঈনিয়া স্টোরের দোকানি শাহীন বলেন, আশপাশের অ্যাপার্টমেন্টের বাসিন্দারাই আমাদের নিয়মিত ক্রেতা। বাজারে চিনি পাওয়া যাচ্ছে না। তাই একটু বেশি দামে হলেও আমরা বিক্রি করছি।
রোববার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে ব্যবসায়ীরা বলেছেন, তেল-চিনির সংকট শুধু ঢাকায়। আগামীতে এ ধরনের সমস্যা আর হবে না।
মিল মালিকদের আশ্বাসের ভিত্তিতে ট্যারিফ কমিশনের চেয়ারম্যানও বলছেন, "আগামীকাল (সোমবার) থেকে খুচরা বাজারে ৬৫ টাকা কেজি দরে চিনি পাওয়া যাবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/এএইচ/পিডি/২৩৩৯ ঘ.
bdnews24