ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাহিদা ও সরবরাহের গরমিলে শুধু ঢাকায় তেল-চিনির সংকট হয়েছে উল্লেখ করে ব্যবসায়ীরা প্রধানমন্ত্রীকে জানিয়েছেন, আগামীতে এ ধরনের সমস্যা আর হবে না।
আসন্ন রমজান মাসে তেল-চিনির বাজার স্থিতিশীল রাখতে রোববার বিকালে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ প্রেস ব্রিফিংয়ে বলেন, "ব্যবসায়ীরা প্রধানমন্ত্রীকে বলেছেন, সারাদেশে তেল-চিনির কোনো সংকট নেই। আগামীতেও থাকবে না।
"শুধু ঢাকায় চাহিদা ও সরবরাহের কারণে কিছুটা সংকট দেখা দিয়েছিল। তবে ভবিষ্যতে আর এরকম হবে না।"
ব্যবসায়ীরা প্রধানমন্ত্রীকে জানান, ডিলারশিপ ও ডিস্ট্রিবিউশরশিপ নিয়ে তাদের মধ্যে কিছু দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। যে যে এলাকায় ডিস্ট্রিবিউশরশিপ পেয়েছে, সে শুধু ওই এলাকায় পণ্য সরবরাহ করতে পারবে, এর বাইরে নয়।
আজাদ জানান, এ বিষয়ে প্রধামন্ত্রীর বলেছেন, এ ধরনের কোনো বাধ্যবাধকতা নেই। ডিস্ট্রবিউটররা তাদের এলাকায় পণ্যের চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত থাকলে অন্য এলাকায়ও পণ্য সরবরাহ করতে পারবে।
সরকারি ঘোষণা অনুসারে ভোজ্যতেল ও চিনি সরবরাহে গত ২১ জুন থেকে পরিবেশক পদ্ধতি চালু হয়। তবে দেশের সবচেয়ে বড় পাইকারী বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জের ব্যবসায়ীরা ওই সময়ের মধ্যে পরিবেশক নিয়োগ সম্পন্ন করতে পারেননি। পরিবেশক নিয়োগে কিছু শর্ত সংশোধনেরও দাবি রয়েছে তাদের।
রমজানের দেড় সপ্তাহ আগে নতুন মূল্য নির্ধারণের পর হঠাৎ করেই ঢাকাসহ মহানগরগুলোর বাজারে চিনি সরবরাহ কমে যায়। পাওয়া গেলেও অনেক বেশি দামে কিনতে হয় নগরবাসীকে। পাশাপাশি সয়াবিন তেলও উচ্চ মূল্যে বিক্রি করেন খুচরা ব্যবসায়ীরা।
সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন (বিএসএফআইসি) রোববার জানিয়েছে, তাদের গুদামে বর্তমানে ৫০ হাজার মেট্রিক টন চিনি মজুদ রয়েছে।
ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মো. মজিবুর রহমান মিল মালিক ও পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠক শেষে জানান, সোমবারের মধ্যে বাজারে সরকার নির্ধারিত দর অর্থাৎ ৬৫ টাকা কেজিতে চিনি পাওয়া যাবে।
গত ২০ জুলাই মিল মালিক ও পাইকারদের সঙ্গে সরকারের বৈঠকে খুচরা বাজারে প্রতি কেজি চিনির দাম ৬৫ টাকা নির্ধারণ করা হয়। সয়াবিন তেলের মূল্য প্রতি লিটার নির্ধারণ করা হয় ১০৯ টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/পিডি/১৯৫২ ঘ.
bdnews24