ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে চিনির মজুদ সন্তোষজনক বলে জানিয়েছে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন (বিএসএফআইসি)।
রোববার এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে, কর্পোরেশনের গুদামে বর্তমানে ৫০ হাজার মেট্রিক টন চিনি মজুদ রয়েছে। চলতি মাসের প্রথম দিকে বিএসএফআইসি'র নির্ধারিত ডিলারদের মাঝে ১০ হাজার মেট্রিক টন চিনি বরাদ্দ দেওয়া হয়েছে।
বাজারে চিনি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে চলতি মাসে আবারও ডিলারদের ১০ হাজার মেট্রিক টন চিনি বরাদ্দ দেওয়া হবে বলে জানানো হয় বিবরণীতে।
সংস্থাটি জানিয়েছে, ইতোমধ্যে বিভিন্ন দেশ থেকে আমদানি করা ২০ হাজার মেট্রিক টন চিনি খুব শিগগির চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছাবে।
স্থানীয় বাজার থেকে ২০ হাজার মেট্রিক টন চিনি কেনা অব্যাহত রয়েছে উল্লেখ করে বিএসএফআইসি জানায়, ইতোমধ্যে স্থানীয় বাজার থেকে কেনা ৫ হাজার ৮১৩ মেট্রিক টন চিনি বিএসএফআইসির গুদামে সংরক্ষণ করা হয়েছে। পাশাপাশি প্রতিদিন গড়ে ৩০০ মেট্রিক টন চিনি স্থানীয় বাজার থেকে সংস্থার গুদামে সংরক্ষণ করা হচ্ছে।
এদিকে বাজারে চিনির সঙ্কটের জন্য চাহিদা ও যোগানের ভারসাম্যহীনতাকে দায়ী করে তা সোমবারের মধ্যেই কাটিয়ে তোলার আশ্বাস দিয়েছেন ব্যবসায়ীরা।
রোববার ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মো. মজিবুর রহমানের সঙ্গে বৈঠকে মিল মালিক ও পাইকারি ব্যবসায়ী উভয়ই বলেছেন, সোমবারের মধ্যে বাজারে নির্ধারিত দর অর্থাৎ ৬৫ টাকা কেজিতে চিনি পাওয়া যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/আরএ/পিডি/১৮৪৮ ঘ.
bdnews24