২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিনি-তেলের দাম নিয়ন্ত্রণে কী ব্যবস্থা: হাইকোর্ট

চিনি মজুদ ও তেলের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কার্যকর কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে টিসিবি চেয়ারম্যান, প্রধান আমদানি-রপ্তানি নিয়ন্ত্রকসহ চার জনকে তলব করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2011, 12:13 PM

Updated : 24 Aug 2022, 03:37 PM

ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিনি মজুদ ও তেলের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কার্যকর কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে টিসিবি চেয়ারম্যান, প্রধান আমদানি-রপ্তানি নিয়ন্ত্রকসহ চার জনকে তলব করেছে হাইকোর্ট। অন্য দুজন হলেন-চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান ও জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। রোববার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ মানবাধিকার সংগঠনের এক সম্পূরক আবেদনে বেশ কিছু নির্দেশনা দিয়ে চারজনকে তলব করে আদালত। আগামী ৯ অগাস্ট আদালতে হাজির হয়ে চার জনকে এর ব্যাখ্যা জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। সয়াবিন তেলের মূল্য বৃদ্ধি নিয়ে গত বছরের ২৮ নভেম্বর হাইকোর্টের দেওয়া এক রুলের সম্পূরক এই আবেদন সকালে দাখিল করে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস ফর পিস বাংলাদেশ। সংগঠনটির আইনজীবী মনজিল মোরসেদ রূপচাঁদার সয়াবিন তেলের একটি এক লিটারের বোতল উপস্থাপন করে বলেন, এই তেলের সরকার নির্ধারিত দাম ১০৯ টাকা। বোতলের গায়ে লেখা আছে ১২৩ টাকা। বাস্তবে বাজারে আরো বেশি দামে বিক্রি হচ্ছে। পরে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রমজান মাসকে সামনে রেখে কিছু অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার জন্য সয়াবিন তেল বেশি দামে বিক্রি করছে। এক্ষেত্রে প্রশাসন নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। "তাদের এই নিষ্ক্রিয়তা জনস্বার্থ পরিপন্থী। এই বিবেচনায় সম্পূরক আবেদন করা হয়েছে। অন্যদিকে মজুদদারির কারণে বাজারে চিনি পাওয়াই যাচ্ছে না। অসাধু চক্র বাজার থেকে চিনি গায়েব করে দাম বাড়াতে চাচ্ছে।" আদালতের নির্দেশনা চিনি ও সয়াবিন বিক্রিতে কেউ যেন সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দাম আদায় করতে না পারে সে জন্য পাইকারি বাজারসহ সব ধরণের বাজার তদারকি করতে খাদ্য সচিব, বাণিজ্য সচিব, পুলিশের মহাপরিদর্শক ও র‌্যাবের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে। কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে কেউ যেন পণ্য দুটি মজুদ করতে না পারে, সে বিষয়ে যথাযথ পরিদর্শনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে আদালত। নির্ধারিত দামের অতিরিক্ত আদায়কারী যেই হোক না কেন, তার বিরুদ্ধে নিত্য প্রয়োজনীয় দ্রব্য আইন-১৯৫৭, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এবং সঠিক ওজন ও পরিমাপ বিধি-২০০৭ অনুযায়ী ব্যবস্থা নিতে করতে হবে। একইসঙ্গে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক শাস্তি নিশ্চিত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আলতাফ হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/পিডি/১৮০৭ ঘ.