ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাজারে চিনির সঙ্কটের জন্য চাহিদা ও যোগানের ভারসাম্যহীনতাকে দায়ী করে তা সোমবারের মধ্যেই কাটিয়ে তোলার আশ্বাস দিয়েছেন ব্যবসায়ীরা।
রোববার ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মো. মজিবুর রহমানের সঙ্গে বৈঠকে মিল মালিক ও পাইকারি ব্যবসায়ী উভয়ই বলেছেন, সোমবারের মধ্যে বাজারে নির্ধারিত দর অর্থাৎ ৬৫ টাকা কেজিতে চিনি পাওয়া যাবে।
গত ২০ জুলাই মিল মালিক ও পাইকারদের সঙ্গে বৈঠকে খুচরা বাজারে প্রতি কেজি চিনির দাম ৬৫ টাকা নির্ধারণ করা হয়। এ দাম নির্ধারণের সময়ও বাজারে চিনি ৭৪ টাকা দরে বিক্রি হচ্ছিলো।
রমজানের দেড় সপ্তাহ আগে নতুন মূল্য নির্ধারণের পর হঠাৎ করেই ঢাকাসহ মহানগরগুলোর বাজার চিনি সরবরাহ কমে যায়। পাওয়া গেলেও অনেক বেশি দামে কিনতে হয় নগরবাসীকে।
বাজারে চিনি সঙ্কটের প্রেক্ষাপটে রোববার নিজের কার্যালয়ে মিল মালিক ও মৌলবীবাজার ব্যবসায়ী সমিতির সঙ্গে পুনরায় বৈঠক করেন ট্যারিফ কমিশনের চেয়ারম্যান।
বাজারে চিনি সঙ্কটের জন্য সরবরাহের তুলনায় যোগানে ঘাটতিকে দায়ী করেছেন তিনি। এছাড়া ডিও প্রথা তুলে পরিবেশক প্রথা চালু করার প্রাথমিক পর্যায়ও এ সমস্যার কারণ বলে তুলে ধরেন তিনি।
বৈঠকের পর মজিবুর রহমান সাংবাদিকদের বলেন, "সাপ্লাই ও ডিমান্ডের ঘাটতি থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছিলো। ঢাকায় যে পরিমাণ সরবরাহ পাওয়ার কথা ছিলো, তা পায়নি। উল্টো জেলা পর্যায়ে সরবরাহ বেড়ে গিয়েছিলো।"
ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী, দেশে প্রতিদিন চিনির চাহিদা ৪ হাজার মেট্রিক টন, এর মধ্যে শুধু ঢাকায় চাহিদা ১ হাজার মেট্রিক টন।
ঢাকায় সরবরাহ বাড়ানোর প্রতিশ্র"তি মিল মালিকরা দিয়েছে জানিয়ে ট্যারিফ কমিশনের চেয়ারম্যান বলেন, "আগামীকাল (সোমবার) থেকে খুচরা বাজারে ৬৫ টাকা কেজি দরে চিনি পাওয়া যাবে।"
ঢাকার বৃহত্তম পাইকারি বাজার মৌলবীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মাওলা চিনি সরবরাহ কম করার জন্য মিল মালিকদের দায়ী করেন।
তবে দেশবন্ধু সুপার মিলের চেয়ারম্যান মোস্তফা কামাল সাংবাদিকদের বলেন, তারা ঢাকায় চিনি সরবরাহ বাড়াবেন। ফলে সঙ্কট আর থাকবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/১৩৫০ ঘ.
bdnews24