২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আয়কর মামলাও বিকল্প নিষ্পত্তির পরামর্শ আইনমন্ত্রীর

দেওয়ানি ও ফৌজদারী মামলার মতো আয়কর সংক্রান্ত বিষয়গুলোও বিকল্প বিরোধ নিষ্পত্তি আইনের মাধ্যমে মিটিয়ে ফেলার পরমর্শ দিলেন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2011, 03:16 PM

Updated : 24 Aug 2022, 03:36 PM

ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেওয়ানি ও ফৌজদারী মামলার মতো আয়কর সংক্রান্ত বিষয়গুলোও বিকল্প বিরোধ নিষ্পত্তি আইনের মাধ্যমে মিটিয়ে ফেলার পরমর্শ দিলেন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিউটশন মিলনায়তনে ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের নব নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আইনমন্ত্রী বলেন, বিকল্প বিরোধ নিষ্পত্তি আইনের মাধ্যমে দেওয়ানি ও ফৌজদারী মামলার মতো আয়কর বিষয়ক বিরোধের নিষ্পত্তি করা হলে বিচারিক কাজের দীর্ঘসূত্রতা কমে আসবে এবং আদালতে ফাইলজটও হ্রাস পাবে। সবাইকে সঠিক আয় প্রকাশ করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, "সঠিক আয় প্রদর্শন করা এবং নিয়মিত আয়কর দেওয়া রাষ্ট্রের সবার কর্তব্য।" নব নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সভাপতি রমিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শাহ জিকরুল আহমেদ ও পরিষদের সাধারণ সম্পাদক মো. ফিরোজ আলম বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/এএল/জেকে/২১০৪ ঘ.