ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন রমজান মাসে চালের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে ঢাকা মহানগরসহ সাতটি বিভাগীয় শহরে ২৪ জুলাই থেকে ডিলারের মাধ্যমে ট্রাকে খোলাবাজারে চাল বিক্রি করা হবে।
বৃহস্পতিবার খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ঢাকার শ্রমঘন শিল্পাঞ্চল এলাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদীতেও খোলাবাজরে চাল বিক্রি করা হবে। প্রতি কেজি চালের মূল্য ২৪ টাকা। একজন ক্রেতা এক সঙ্গে পাঁচ কেজি করে চাল কিনতে পারবেন। শুক্রবার ছাড়া সপ্তাহের ছয় দিন এ কার্যক্রম চলবে। প্রতিটি ট্রাকে তিন টন করে চাল বিক্রি করা হবে।
ঢাকা মহানগরীতে ২০০, চট্টগ্রামে ৩০, খুলনায় ২৫, রাজশাহীতে ২০, রংপুরে ১৫, সিলেটে ১৫ এবং বরিশাল, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদীতে ১০টি করে মোট ৩৫৫টি ট্রাকে চাল বিক্রি করা হবে। এছাড়া ঘূর্ণিঝড় আইলায় ক্ষতিগ্রস্ত খুলনার কয়রা ও দাকোপ উপজেলায় তিনজন করে ডিলারের মাধ্যমে এ কার্যক্রম চালানো হবে বলে জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/পিডি/১৯৪০ ঘ.
bdnews24