২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'মৎস্যজাত খাদ্য নিরাপত্তায় সমন্বয় প্রয়োজন'

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস বলেছেন, চিংড়ি ও মৎস্যজাত খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে সব মন্ত্রণালয়ের সমন্বিত পদক্ষেপ প্রয়োজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2011, 12:32 PM

Updated : 24 Aug 2022, 03:36 PM

ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস বলেছেন, চিংড়ি ও মৎস্যজাত খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে সব মন্ত্রণালয়ের সমন্বিত পদক্ষেপ প্রয়োজন। বৃহস্পতিবার রাজধানীর কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে (বার্ক) এক সেমিনারে মন্ত্রী বলেন, "মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পক্ষে এককভাবে মৎসজাত খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। "কৃষিতে কীটনাশকের ব্যবহার, ওষুধ শিল্পের কাঁচামাল ও ওষুধ আমদানি এবং নিয়ন্ত্রণ, শিল্প কারখানার বর্জ্য ব্যবস্থাপনা কিংবা পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনার ওপর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কোনো নিয়ন্ত্রণ নেই। অথচ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়।" তাই নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য উৎপাদনে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় জরুরি- মন্তব্য করেন তিনি। মৎস্য অধিদপ্তর ও বাংলাদেশ শ্রিম্প অ্যান্ড ফিশ ফাউন্ডেশনের (বিএসএফএফ) যৌথ উদ্যোগে আয়োজিত 'বাংলাদেশে নিরাপদ মাছ ও চিংড়ি চাষ ব্যবস্থাপনার সুপারিশকৃত কৌশল' শীর্ষক ওই সেমিনার হয়। মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মাহবুবুর রহমান খানের সভাপতিত্বে সেমিনারের উদ্বোধনী অধিবেশনে মন্ত্রণালয়ের সচিব উজ্জ্বল বিকাশ দত্ত ও বিএসএফএফ'র নির্বাহী পরিচালক মাহমুদুল করিম বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএইচ/পিডি/১৮২৮ ঘ.