ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারত থেকে বিদ্যুৎ আনার বিষয়ে আগামী সেপ্টেম্বরের মধ্যে চুক্তি স্বাক্ষর হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বুধবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তবে এদিন মন্ত্রিসভা কমিটি দুদেশের মধ্যে চুক্তি স্বাক্ষরের প্রস্তাবটি আরো পর্যালোচনার জন্য ফেরৎ পাঠিয়েছে বলে জানান অর্থমন্ত্রী।
কমিটির সভাশেষে অর্থমন্ত্রী বলেন, "চুক্তি স্বাক্ষরের প্রস্তাবটি আমরা ফেরৎ পাঠিয়েছি। কতকগুলো বিষয়ে আরো পর্যালোচনা করতে হবে।"
"তবে সেপ্টেম্বরের মধ্যে চুক্তি হবে।"
বুধবার মন্ত্রিসভা কমিটিতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও ভারতের এনটিপিসি বিদ্যুৎ ভায়াপার নিগম লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষরের প্রস্তাবটি উত্থাপন করা হয়।
গত বছরের ফেব্র"য়ারিতে ভারত থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির বিষয়ে একটি সমঝোতা স্মারকে সই করে বাংলাদেশ।
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং দুদিনের সফরে আগামী ৬ সেপ্টেম্বর বাংলাদেশে আসার কথা।
দেশে চাহিদার সঙ্গে উৎপাদনের ফারাক থাকায় লোডশেডিংয়ের মাধ্যমে বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে হচ্ছে বিদ্যুৎ বিভাগকে। ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে ভারত থেকে বিদ্যুৎ আমদানির পরিকল্পনা করেছে সরকার।
মঙ্গলবার ৪ হাজার ৯৩৬ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ করে উৎপাদনের নতুন রেকর্ড গড়েছে বিদ্যুৎ বিভাগ।
বুধবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি আরো দুটি প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন করেছে বলে জানান অর্থমন্ত্রী।
এ দুটি হলো ঢাকা-আশুলিয়া সড়কের পাশ দিয়ে এলিভেটেড এক্সপ্রেওয়ে নির্মাণ প্রকল্প এবং পাটুরিয়া গোয়ালন্দ পয়েন্টে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ প্রকল্প।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/পিডি/২২৩৭ ঘ.
bdnews24