২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোশাক কারখানার ফটকে বন্ধের নোটিশ

শ্রমিক আন্দোলনের মুখে সাভারের আশুলিয়ায় ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ডিইপিজেড) একটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2011, 11:31 AM

Updated : 24 Aug 2022, 03:36 PM

সাভার, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রমিক আন্দোলনের মুখে সাভারের আশুলিয়ায় ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ডিইপিজেড) একটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বুধবার ভোরে ডিইপিজেড নতুন জোনে গ্রামীণ নিটওয়্যার লিমিটেড নামের ওই কারখানার মূল ফটকে বন্ধের নোটিশ ঝুলিয়ে দেয়া হয়। আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রামীণ ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান এই পোশাক কারখানায় প্রায় তিন হাজার শ্রমিক তিন দফা দাবিতে মঙ্গলবার কর্মবিরতি ও বিক্ষোভ করে। যাতায়াত ভাতা ২০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা, দুপুরের খাবার বিল ৬০০ টাকার স্থলে ১ হাজার টাকা ও হাজিরা বোনাস ২০০ টাকার স্থলে ৫০০ টাকা করার দাবিতে তারা এই বিক্ষোভ প্রদর্শন করে। শ্রমিকদের দাবির বিষয়ে কারখানার ভিতরে শিল্প পুলিশ, বেপজা ও থানার কর্মকর্তারা শ্রমিক প্রতিনিধিদের সাথে আলোচনায় বসে। কিন্তু কোন সমঝোতা না হওয়ায় শ্রমিকরা চলে যায়। পরে কারখানা কর্তৃপক্ষ কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করার সিদ্ধান্ত নেয়। কারখানার উপ-মহাব্যবস্থাপক এস কে কে চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিশৃঙ্খলার আশঙ্কায় আগাম সতর্কতা হিসাবে কারখানাটি অনির্দিষ্টকালের জন্যে বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে আলোচনা সাপেক্ষে কারখানা খুলে দেয়া হতে পারে বলে তিনি জানান। এদিকে জামগড়া এলাকায় ওপেক্স সোয়েটার লিমিটেড নামের একটি কারখানার শ্রমিকরা ছুটি ও আউট পাশের দাবিতে সকাল ৯টায় কর্মবিরতি শুরু করে। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কারখানার প্রায় ৯শ' শ্রমিক কর্মবিরতি পালন করছে। তবে সেখানে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এই কারখানার সামনে পুলিশ মোতায়েন রয়েছে বলে তিনি জানান। শ্রমিকরা অভিযোগ করেন, জরুরী প্রয়োজনে কারখানা থেকে বের হতে চাইলে কর্তৃপক্ষ আউট পাশ দেয় না। এমনকি অসুস্থতার কারণে ছুটি চাইলেও তা দেয় না। উল্টো আমাদের চাকুরীচ্যূত করার ভয় দেখায়। শ্রমিকরা জানায়, দাবি মানা না হলে কঠোর আন্দোলন কর্মসূচি দেয়া হবে। ওপেক্স সোয়েটার লিমিটেড কারখানার প্রশাসনিক কর্মকর্তা আব্দুস সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শ্রমিকদের দাবির বিষয়টি নিয়ে আলোচনা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/কেএমএস/১৭০৮ ঘ.