ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুচরা বাজারে প্রতি কেজি চিনির দাম ৬৫ টাকা এবং প্রতি লিটার সয়াবিনের দাম ১০৯ ও পাম তেলের দাম ৯৯ টাকা নির্ধারণ করেছে সরকার।
রমজানের দেড় সপ্তাহ আগে বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে এক বৈঠকে এ দুটি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম পুনর্র্নিধারণ হলো, যা বুধবার থেকেই কার্যকর হয়েছে।
ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মজিবুর রহমানের সভাপতিত্বে এ বৈঠকে মিল মালিক এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
তেলের এ পুনর্র্নিধারিত দাম বোতলজাত তেলের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
মজিবুর রহমান বলেন,"নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দামে হেরফের রয়েছে এবং এটা খুবই উদ্বেগের বিষয়।"
কেউ নির্ধারিত দামের চেয়ে বেশি আদায় করলে তাকে শাস্তি পেতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
এর আগে বিভিন্ন সময়ে সরকার চিনি ও ভোজ্যতেলের দাম নির্ধারণ করে দিলেও বাজারে তার প্রভাব খুব একটা পড়েনি।
স্থানীয় বাজারে দাম বাড়ার প্রেক্ষিতে গত ৫ ডিসেম্বর ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে ভোজ্যতেলের পাইকারি ও খুচরা মূল্য নির্ধারণ করে দেয় সরকার। এরপর ২২ ডিসেম্বর পুনরায় দাম নির্ধারণ করা হয়। কিন্তু প্রতিবারই সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ভোজ্যতেল বিক্রি করেছেন ব্যবসায়ীরা।
এরপর গত ১৬ জুন বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেল পরিশোধনকারী ও ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকের পর বাণিজ্য সচিব গোলাম হোসেন সাংবাদিকদের জানান, সরকার আর ভোজ্যতেলের দাম ঠিক করে দেবে না। তেল পরিশোধনকারীরাই দাম নির্ধারণ করে সরকারকে জানাবে।
এর এক মাসের মাথায় রোজা সামনে রেখে আবারো ভোজ্যতেল ও চিনির দাম বেঁধে দিলো সরকার।
রাষ্ট্রায়াত্ত প্রতিষ্ঠান ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী বুধবার ঢাকার খুচরা বাজারে চিনি প্রতি কেজি সর্বোচ্চ ৭০ টাকায়, লিটার প্রতি পাম তেল ৯৬ ও সয়াবিন তেল ১০৯ টাকায় বিক্রি হয়েছে।
সিটি গ্র"পের প্রতিনিধি জানান, মিল গেটে প্রতি কেজি চিনি ৫৮ টাকায় এবং প্রতি লিটার পাম তেল ৯৫ ও সয়াবিন তেল ১০৫ টাকায় বিক্রি করা হচ্ছে।
এস আলমের প্রতিনিধি জানান, মিল গেটে প্রতি কেজি চিনি ৬২ টাকায় এবং প্রতি লিটার পাম তেল ৯০ ও সয়াবিন তেল ১০৩ টাকায় বিক্রি করা হচ্ছে।
এছাড়া প্রতি লিটার সয়াবিন তেল ১০৪ ও পাম তেল ৯২ টাকায় বিক্রি করা হচ্ছে বলে জানিয়েছেন মেঘনা গ্র"পের প্রতিনিধি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/জেকে/২০২৩ ঘ.
bdnews24