ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যাংক ছাড়া অন্য আর্থিক প্রতিষ্ঠানগুলোর পরিশোধিত মূলধন আগামী বছরের জুনের মধ্যে দ্বিগুণ করার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের প্রস্তাবে অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়।
ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর পরিশোধিত মূলধন ৫০ কোটি থেকে বাড়িয়ে ১০০ কোটিতে উন্নীত করতে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অনুমোদন চেয়ে গত মে মাসে চিঠি পাঠায় কেন্দ্রীয় ব্যাংক।
"অনুমোদন দিয়ে রোববার তা বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয়েছে," বলেন অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।
বর্তমানে পুঁজিবাজারে ২১টি ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান তালিকাভুক্ত রয়েছে। এদের মধ্যে তিনটি প্রতিষ্ঠানের পরিশোধিত মূলধন ১০০ কোটি টাকার বেশি।
এ তিনটি প্রতিষ্ঠান হলো- প্রাইম ফাইন্যান্স, পিপলস লিজিং এন্ড ফাইনান্সিয়াল সার্ভিসেস এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ।
২০০৯ সালের নভেম্বরে ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর পরিশোধিত মূলধন ২৫ কোটি থেকে বাড়িয়ে ৫০ কোটি করার নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক। গত ডিসেম্বরের মধ্যে এটা করতে বলা হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/পিডি/২১০৯ ঘ.
bdnews24