চট্টগ্রাম, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অতিরিক্ত দামে পণ্য বিক্রি, দোকানে মূল্যতালিকা না থাকা, ওজনে কম দেওয়াসহ কয়েকটি কারণে চট্টগ্রামের ব্যবসায়ীদের সতর্ক করলো চট্টগ্রাম জেলা বাজার মনিটরিং কমিটির তদারক দল।
পরবর্তীতে নিয়ম না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করে দিয়েছে জেলা প্রশাসন।
রমজানে পণ্যমূল্য সহনীয় রাখতে মঙ্গলবার থেকে চট্টগ্রামে বাজার তদারকিতে নামে জেলা প্রশাসনের গঠিত কমিটি। সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত প্রাথমিক পর্যায়ে মহানগরীর বিভিন্ন বাজারে অভিযান চালায় কমিটির পাঁচটি দল।
নগরীর কাজির দেউড়ি, চকবাজার, বক্সিরহাট, খাতুনগঞ্জ, বহদ্দারহাট, কর্ণফুলী কমপ্লেক্স, পাহাড়তলী বাজার, ফইল্যাতলী বাজার, কামালবাজার, আতুরার ডিপোসহ ১৮টি বাজারে তদারক দল বিভিন্ন পণ্যের দাম, ওজনসহ অন্যান্য বিষয় পর্যবেক্ষণ করেন।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এহছানে এলাহী সাংবাদিকদের বলেন, "আজ (মঙ্গলবার) ব্যবসায়ীদের কেবল সতর্ক করবে তদারক দল। তাদের দেওয়া নির্দেশনা না মানলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'
অনুমোদনহীন বাটখারায় পণ্য বিক্রি
মঙ্গলবার চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন বাজার ঘুরে তদারক দলের সদস্যরা দেখতে পান, অধিকাংশ খুচরা ব্যবসায়ীই বিএসটিআইয়ের অনুমোদিত বাটখারা ব্যবহার করছেন না।
নগরীর বক্সিরহাট, খাতুনগঞ্জ, কাজির দেউড়ি, চকবাজারসহ প্রায় ৮টি বাজারের কোনটিতেই বৈধ বাটখারা দেখা মেলেনি।
বক্সিরহাট, চাক্তাই, খাতুনগঞ্জ বাজার তদারকি দলের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে এলাহী অলি সাংবাদিকদের বলেন, "ব্যবসায়ীরা অনুমোদনহীন বাটখারায় পণ্য বিক্রি করছেন। আপাতত সবাইকে সতর্ক করা হয়েছে। সংশোধন না হলে পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জানান, ব্যবসায়ীদের বিএসটিআই অনুমোদিত বাটখারা কেনার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া মূল্য তালিকা, ক্রয় মূল্য থেকে দুই বা তিন টাকা বেশি দামে পণ্য বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি না করতে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ড্টকম/এমইউ/এমসি/আরএ/জেকে/২০৩০ ঘ.
bdnews24