ঢাকা, ১৮ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রপ্তানি বাণিজ্য উৎসাহিত করতে চলতি অর্থবছরে ১৯টি খাতে নগদ সহায়তা দেবে সরকার। এবার আলু রপ্তানিতে সহায়তার পরিমাণ বাড়লেও চামড়াজাত পণ্যের ক্ষেত্রে কমেছে।
বাংলাদেশ ব্যাংক গত ১৩ জুলাই এ সংক্রান্ত সার্কুলার জারি করে। রোববার সার্কুলারটি কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে দেওয়া হয়।
বিদায়ী অর্থবছরে আলু রপ্তানিতে ১০ শতাংশ নগদ সহায়তা দিয়েছিল সরকার। নতুন অর্থবছরে (২০১১-১২) তা বাড়িয়ে ২০ শতাংশ করা হয়েছে।
তবে চামড়াজাত পণ্য রপ্তানিতে নগদ সহায়তার পরিমাণ ১৫ শতাংশ থেকে কমিয়ে করা হয়েছে ১২ দশমিক ৫ শতাংশ। অন্য ১৭টি খাত নগদ সহায়তা পাবে আগের ২০১০-১১ অর্থবছরের মতোই।
সার্কুলারে বলা হয়, রপ্তানিমুখি বস্ত্র খাতে শুল্ক বন্ড ও ডিউটি ড্র-ব্যাক এর পরিবার্তে ৫ শতাংশ বিকল্প নগদ সহায়তা দেওয়া হবে। হোগলা, খড় বা আখের ছোবড়া থেকে তৈরি পণ্য রপ্তানিতে ১৫ থেকে ২০ শতাংশ, কৃষি পণ্য (শাকসবজি) ও প্রক্রিয়াজাত (এগ্রোপ্রসেসিং) কৃষিপণ্য রপ্তানিতে ২০ শতাংশ, বাই-সাইকেল রপ্তানিতে ১৫ শতাংশ, হাড়ের গুঁড়া রপ্তানিতে ১৫ শতাংশ সহায়তা পাওয়া যাবে।
এছাড়া পোল্ট্রি শিল্পের হ্যাচিং ডিম এবং মুরগির বাচ্চা রপ্তানিতে ১৫ শতাংশ, হালকা প্রকৌশল পণ্য রপ্তানিতে ১০ শতাংশ, ঈশ্বরদী ইপিজেডে কৃষিভিত্তিক শিল্পে বিনিয়োগ বৃদ্ধির জন্য তরল গ্লুকোজ রপ্তানিতে ২০ শতাংশ, হালাল মাংস রপ্তানিতে ২০ শতাংশ, হিমায়িত চিংড়ি ও অন্যান্য মাছ রপ্তানিতে ১০ শতাংশ, জাহাজ রপ্তানিতে ৫ শতাংশ এবং আমেরিকা, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন ছাড়া অন্য যে কোনো দেশে যে কোনো পণ্য রপ্তানিতে ২ শতাংশ হারে নগদ সহায়তা দেওয়া হবে।
ফিনিশড লেদার রপ্তানির ক্ষেত্রে ৪ শতাংশ, ক্রাস্ট লেদারে ৩ শতাংশ, বস্ত্র খাতের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য ৫ শতাংশ (অতিরিক্ত সুবিধা), প্লাস্টিকের 'পেট' বোতল রপ্তানিতে ১০ শতাংশ এবং পাটজাত পণ্য রপ্তানির বিপরীতে ১০ শতাংশ হারে নগদ সহায়তা পাওয়া যাবে বলেও সার্কুলারে উল্লেখ করা হয়েছে।
২০১১ সালের ১ জুলাই থেকে ২০১২ সালের ৩০ জুন পর্যন্ত জাহাজীকৃত এই ১৯টি খাতের পণ্য রপ্তানিতে এই নগদ সহায়তা পাওয়া যাবে।
সংশ্লিষ্ট খাতের রপ্তানিকারকরা নির্দিষ্ট নিয়ম মেনে বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করলে ব্যাংক তা খতিয়ে দেখে অর্থ সহায়তা দেওয়ার উদ্যোগ নেবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/১৯৪০ ঘ.
bdnews24