২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ব্যাংক ব্যবস্থাপকরা আতঙ্কে

সিলেটে মোবাইল ফোনে সর্বহারা পার্টির নেতা পরিচয় দিয়ে দু'টি ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের কাছে মোটা অংকের চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2011, 01:13 PM

Updated : 24 Aug 2022, 03:34 PM

সিলেট, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটে মোবাইল ফোনে সর্বহারা পার্টির নেতা পরিচয় দিয়ে দু'টি ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের কাছে মোটা অংকের চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। চাঁদা না দিলে ব্যাংক ব্যবস্থাপক এবং তাদের পরিবারের সদস্যদের হত্যা ও অপহরণের হুমকি দেয়া হয়েছে। এতে ব্যাংক ব্যবস্থাপকরা আতঙ্কিত। তারা সংশ্লিষ্ট থানায় এ ব্যাপারে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন । পুলিশ জানায়, গত বৃহস্পতিবার থেকে বিভিন্ন সময়ে এয়ারটেল এর একটি নাম্বার থেকে মহিউদ্দিন শিকদার নামে এক ব্যক্তি সিলেটের রূপালী ব্যাংক ও অগ্রণী ব্যাংকের বিভিন্ন শাখার ব্যবস্থাপকদের কাছে এই ফোন করেন। মহিউদ্দিন নিজেকে সর্বহারা পার্টির কেন্দ্রীয় কমান্ডার বলে পরিচয় দিয়ে ব্যবস্থাপকদের কাছে পাঁচ লাখ থেকে এক কোটি টাকা পর্যন্ত দাবি করেন। ফোন পাওয়ার পর আতঙ্কিত হয়ে ইতোমধ্যে রূপালী ব্যাংক গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণ শাখার ব্যবস্থাপক মুজাদ্দিদ আহমদ চৌধুরী ও অগ্রণী ব্যাংকের সিলেট নগরীর আম্বরখানা শাখার ব্যবস্থাপক মিলন কান্তি দাশ, জিন্দাবাজার শাখার ব্যবস্থাপক আব্দুল লতিফ, সুবিদ বাজার শাখার বিশ্বনাথ রায়, কাজির বাজার শাখার মাহমুদ রেজা, লালদীঘিরপাড় শাখার সহকারী মহাব্যবস্থাপক হিফজুর রহমান ও সুবল চন্দ্র সরকার, গোলাপগঞ্জ শাখার বীরেন্দ্র সুত্রধর, গোয়াইনঘাটের জাফলং শাখার নীতিশ চন্দ্র পুরকায়স্থ রায় সংশ্লিষ্ট থানায় জিডি করেছেন। অগ্রণী ব্যাংক সিলেট নগরীর আম্বরখানা শাখার ব্যবস্থাপক মিলন কান্তি দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফোনে মহিউদ্দিন নামের এক ব্যক্তি সর্বহারা পার্টির নেতা পরিচয় দিয়ে বলে পার্টির একজন সদস্য অসুস্থ। তার চিকিৎসার জন্য প্রচুর টাকা প্রয়োজন। তাই ব্যাংক থেকে টাকা দিতে হবে। মিলন কান্তি দাশ জানান, ফোনে সে মিনিট খানেক কথা বলেছে এবং টাকা না দিলে পরিবারের লোকজনকে অপহরণ ও হত্যা করা হবে বলে হুমকি দিয়েছে। অগ্রণী ব্যাংক গোয়াইনঘাটের জাফলং শাখার ব্যবস্থাপক নীতিশ চন্দ্র পুরকায়স্থ বলেন, চাঁদা না দিলে তার পরিবারের সদস্যদেরকে অপহরণ করার হুমকি দিয়েছে মহিউদ্দিন। সিলেট কোতোয়ালি থানার ওসি খায়রুল ফজল জানান, এ পর্যন্ত থানায় ছয়টি জিডি করেছেন ব্যাংকের ব্যবস্থাপকরা। বিষয়টি নিয়ে পুলিশ ইতোমধ্যে তদন্তে নেমেছে। এতে আতঙ্কিত না হয়ে সবাইকে ধৈর্য্য ধরার আহ্বান জানিয়েছেন ওসি। সিলেটের পুলিশ সুপার (এসপি) শাখাওয়াত হোসেন বলেন, পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। ফোনে চাঁদা দাবিকারীকে সনাক্ত করতে কাজ শুরু করেছে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৮৫৯ ঘ.