২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বিদেশফেরতদের কর্মসংস্থানে ঋণ দেবে প্রবাসী মন্ত্রণালয়'

চাকরির মেয়াদ শেষ হওয়াসহ বিভিন্ন কারণে বিদেশ থেকে ফিরে আসা বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের জন্য ঋণ দেওয়ার কার্যক্রম শুরু করতে যাচ্ছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2011, 12:54 PM

Updated : 24 Aug 2022, 03:33 PM

ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাকরির মেয়াদ শেষ হওয়াসহ বিভিন্ন কারণে বিদেশ থেকে ফিরে আসা বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের জন্য ঋণ দেওয়ার কার্যক্রম শুরু করতে যাচ্ছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। প্রবাসী কল্যাণ এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন আগামী রোববার মন্ত্রণালয়ের সভাকক্ষে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানিয়েছেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সি এম কয়েস সামি। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রাথমিকভাবে দুইজনকে দুই লাখ টাকা করে ঋণ দিয়ে এ কার্যক্রম শুরু করা হবে। পরবর্তীতে এ ব্যাংকের ঋণদান কার্যক্রমের বড় অংশটিই এই খাতের ঋণের জন্য ব্যবহার করা হবে। ব্যবস্থাপনা পরিচালক বলেন, প্রবাসে কর্মজীবন শেষে দেশের ফেরার পর কোনো কর্মী কর্মসংস্থানের জন্য ঋণ চাইলে ব্যাংক তাদের পরামর্শসহ ঋণ দেবে। ঋণের বড় অংশই এজন্য দেওয়া হবে। কোনো কর্মী সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পর্যন্ত এ ব্যাংক থেকে ঋণ নিতে পারবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২০ এপ্রিল বিশেষায়িত এ ব্যাংকটির কার্যক্রম উদ্বোধন করেন। উদ্বোধনী দিনে প্রধানমন্ত্রী বিদেশে যাওয়ার জন্য তিনজন নারীসহ চারজন ঋণ-গ্রহিতার হাতে ব্যাংকটির ঋণের অর্থের চেক হস্তান্তর করেন। একশ কোটি টাকার পরিশোধিত মূলধন নিয়ে ব্যাংকটি কার্যক্রম শুরু করে। এর মধ্যে অর্থ মন্ত্রণালয় থেকে পাঁচ কোটি টাকার যোগান দেওয়া হয়েছে। বাকি ৯৫ কোটি টাকা যোগান দেওয়া হবে প্রবাসীদের পাঠানো টাকায় গড়ে ওঠা 'ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড' থেকে। বিদেশ যেতে চায় এমন কর্মীদের সহজ শর্তে ঋণ দেওয়া, সাশ্রয়ী খরচে প্রবাসীদের রেমিটেন্স প্রেরণে সহায়তা এবং প্রবাসী কর্মীদের ফিরে আসার পর দেশে বিনিয়োগে উৎসাহিত ও পরামর্শ দিয়ে আত্ম-কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার উদ্দেশ্যেই এ নতুন ধারার এ ব্যাংকের উদ্দেশ্য বলে জানান সিএম কয়েস সামি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/১৮৫১ ঘ.