দিহান মারছি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত অর্থবছরে গড় মূল্যস্ফীতির হার বেড়ে ৮ দশমিক ৮ শতাংশে পৌঁছেছে। ২০০৯-১০ অর্থবছরে এই হার ছিল ৬ দশমিক ৯৪ শতাংশ।
১ জুলাই শুরু হওয়া ২০১১-১২ অর্থবছরেও মূল্যস্ফীতি বাড়ার এই ধারা অব্যাহত থাকবে বলে মনে করেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক জায়েদ বখত।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) বুধবার মূল্যস্ফীতির যে হালনাগাদ তথ্য প্রকাশ করেছে- তাতে দেখা যায়, গত অর্থবছরের শেষ মাস জুনে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে (আগের অর্থবছরের একই সময়ের তুলনায়) মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ১০ দশমিক ১৭ শতাংশ। মে মাসে এর পরিমাণ ছিল ১০ দশমিক ২০ শতাংশ। আর এপ্রিলে ১০ দশমিক ৬৭ শতাংশ ও মার্চে ছিল ১০ দশমিক ৪৯ শতাংশ।
২০১০-১১ অর্থবছরের বাজেটে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছিলেন, বার্ষিক গড় মূল্যস্ফীতি ৬ দশমিক ৫ শতাংশের মধ্যে থাকবে বলে আশা করছেন তিনি। তবে অর্থবছর শেষে তা ৮ দশমিক ৮ শতাংশে দাঁড়িয়েছে।
অর্থমন্ত্রী এখন আশা করছেন, ২০১১-১২ অর্থবছর শেষে বার্ষিক গড় মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনা সম্ভব হবে।
নতুন অর্থবছরের বাজেট বক্তৃতায় তিনি বলেন, "মূল্যস্ফীতিকে সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা যে উদ্যোগ নিয়েছি, তার মাধ্যমে অভ্যন্তরীণ এ আন্তর্জাতিক অভিঘাত মোকাবেলা করে মূল্যস্তরকে সহনীয় পর্যায়ে রাখা ও মূল্যস্ফীতিকে আগামী অর্থবছরে ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনা এবং মধ্যমেয়াদে তা ৫ শতাংশের কাছাকাছি নিয়ে আসতে সক্ষম হব বলে আশা করছি।"
২০১০-১১ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে মূল্যস্ফীতির হার ছিল ৭ দশমিক ২৬ শতাংশ। তা বেড়ে আগস্টে ৭ দশমিক ৫২, সেপ্টেম্বরে ৭ দশমিক ৬১ শতাংশ হয়। অক্টোবরে মূল্যস্ফীতি সামান্য কমে ৬ দশমিক ৮৬ শতাংশ হলেও এরপর তা আবার বাড়তে শুরু করে। নভেম্বরে এই হার ৭ দশমিক ৫৪ শতাংশ হয়ে ডিসেম্বরে ৮ দশমিক ২৮ শতাংশে পৌঁছায়।
চলতি বছরের জানুয়ারি ও ফেব্র"য়ারি মাসে মূল্যস্ফীতির হার ছিল যথাক্রমে ৯ দশমিক ০৪ ও ৯ দশমিক ৭৯ শতাংশ।
বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে আন্তর্জাতিক বাজারে সব ধরনের পণ্যের দাম বেড়ে যাওয়ায় মূল্যস্ফীতি দুই অংকের ঘরে (ডাবল ডিজিট) পৌঁছে যায়। এক পর্যায়ে তা ১১ দশমিক ৫৯ শতাংশে ওঠে। তবে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর তা কমতে শুরু করে।
আন্তর্জাতিক বাজার পরিস্থিতি অনুকূলে থাকায় ২০০৯ সালের জুনে মূল্যস্ফীতি কমে ২ দশমিক ২ শতাংশে নেমে আসে। কিন্তু এরপর থেকে তা বাড়তে শুরু করে। ২০১০ এর মার্চে মূল্যস্ফীতির হার আবার দুই অংকের ঘরে পৌঁছায়। ওই মাসে এই হার ১০ দশমিক ৪৯ শতাংশে দাঁড়ায়।
বিআইডিএস-এর গবেষণা পরিচালক জায়েদ বখত বলেন, "বোরো ধান ওঠার পরও বাজারে চালের দাম কমেনি। আন্তর্জাতিক বাজারেও খাদ্য পণ্য, জ্বালানি তেলসহ সব ধরনের পণ্যের দাম চড়া। এ পরিস্থিতিতে আগামী দিনগুলোতে মূল্যস্ফীতি নামার আশা কম।"
নতুন বাজেটে মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে- তা অর্জন কঠিন হবে বলেই মনে করেন এই গবেষক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ডিএম/জেকে/২১১৫ ঘ.
bdnews24