ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত অর্থবছরে চাল আমদানির জন্য ঋণপত্র (এলসি) খোলার পরিমাণ ২০০৯-১০ অর্থবছরের চেয়ে প্রায় ছয় গুণ বেড়েছে। এই সময়ে বেড়েছে গম, চিনি ও ভোজ্যতেলের ঋণপত্র খোলার পরিমাণও।
বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানির বিষয়ে যে তথ্য প্রকাশ করেছে- তাতে দেখা যায়, বিদায়ী অর্থবছরে চাল আমদানির জন্য মোট ১০৭ কোটি ৪০ লাখ ডলারের ঋণপত্র খোলা হয়েছে, ২০০৯-১০ অর্থবছরে যার পরিমাণ ছিল ১৮ কোটি ৬০ লাখ ডলার।
এই সময়ে গম আমদানির জন্য ১৩৪ কোটি ৯০ লাখ ডলারের ঋণপত্র খোলা হয়েছে। আগের অর্থবছরে এর পরিমাণ ছিল ১০১ কোটি ১০ লাখ ডলার।
আন্তর্জাতিক বাজারে খাদ্যপণ্যের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে দেশের বাজার স্থিতিশীল রাখতে সরকার গত বছর বাড়তি খাদ্য আমদানির পরিকল্পনা নেয়। গত ফেব্র"য়ারি মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে বলেন, বাজার স্থিতিশীল রাখতে প্রয়োজনে উন্নয়ন কর্মকাণ্ড বাদ দিয়ে সরকার খাদ্য আমদানি করবে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বিদায়ী অর্থবছরে চিনি আমদানির জন্য ১১২ কোটি ডলারের ঋণপত্র খোলা হয়েছে। ২০০৯-১০ অর্থবছরে এর পরিমাণ ছিল ৭৮ কোটি ৩০ লাখ ডলার।
এই সময়ে ভোজ্যতেল আমদানির জন্য ঋণপত্র খোলা হয়েছে ১৫২ কোটি ৭০ লাখ ডলারের। আগের অর্থবছরে এর পরিমাণ ছিল ১০৫ কোটি ৮০ লাখ ডলার।
গত ৩০ জুন শেষ হওয়া ২০১০-১১ অর্থবছরে চাল ও গমের এলসি বকেয়া পড়েছে যথাক্রমে ২৭ কোটি ৪০ লাখ এবং ২৪ কোটি ৯০ লাখ ডলারের। অর্থাৎ এই সময়ে ওই টাকার চাল ও গম আমদানির জন্য ঋণপত্র খোলা হলেও তা আমদানি হয়নি।
এছাড়া চিনি ও ভোজ্য তেল আমদানিতে এলসি বকেয়া পড়েছে যথাক্রমে ৬৭ কোটি ও ৭৭ কোটি ডলারের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/২০৪০ ঘ.
bdnews24