চট্টগ্রাম, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিথ্যা ঘোষণায় আমদানির অভিযোগে বিপুল পরিমাণ দরজার কব্জা, রঙের ব্রাশ, ওয়াশ বেসিন, সারফেলিং স্টোন ও স্টিল ওয়ার ব্রাশ আটক করেছে চট্টগ্রাম কাস্টমস।
চট্টগ্রাম কাস্টমসের আমদানি শাখার অডিট ইনভেস্টিগেশন ও রিসার্চ (এআরআই) শাখার কর্মকর্তারা বুধ ও বৃহস্পতিবার এসব পণ্য আটক করেন।
রোববার কাস্টমস হাউজের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
এআইআর বিভাগের কর্মকর্তা মো. ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকার বলাকা ট্রেডিং নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান তিনটি কন্টেইনারে দরজার কব্জা, রঙের ব্রাশ, ওয়াশ বেসিন, সারফেলিং স্টোন ও স্টিল ওয়ার ব্রাশ আমদানি করে।
গত ২৯ জুন প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কাস্টমসে কগজপত্র জমাও দেওয়া হয়। তবে পরীক্ষা করে দেখা যায়, তিনটি কন্টেইনারে ৯১৬ কেজি কব্জা আমাদানির ঘোষণা দেওয়া হলেও আনা হয়েছে ৪৬ হাজার ৯৯২ কেজি এবং ৫৮২ কেজি পেইন্ট ব্রাশের পরিবর্তে ১৬ হাজার ৭৬ কেজি।
তুলনামূলকভাবে কব্জা ও পেইন্ট ব্রাশের শুল্ক-কর বেশি।
তিনি আরও জানান, সারফেলিং স্টোনের ঘোষণাপত্রে ২৪ হাজার ১৯২ কেজির কথা উল্লেখ করা হলেও কন্টেইনারে পাওয়া গেছে ১ হাজার ৪০ কেজি এবং ১১ হাজার কেজি স্টিল ওয়ার ব্রাশের বিপরীতে পাওয়া যায় মাত্র ৫৬২ কেজি।
বিডিনউিজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/২০৫৫ ঘ.
bdnews24