চট্টগ্রাম, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোয়েটার তৈরির ফেব্রিক ঘোষণা দিয়ে স্যুটের কাপড় আমদানি করেছে সাভারের একটি ব্যবসা প্রতিষ্ঠান।
চট্টগ্রাম শুল্ক গোয়েন্দা অধিদপ্তর জানায়, সাভারের হারবার্ড সোয়েটার ফ্যাক্টরি নামক প্রতিষ্ঠানটি এ জালিয়াতি করে। আটক করা হয়েছে স্যুট তৈরির ১৬ টন কাপড়। যার আনুমানিক মূল্য প্রায় ৩৮ লাখ টাকা।
চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনার ভর্তি পণ্য খালাসের পর গত ৩ জুলাই অধিদপ্তর তা আটক করলেও পূর্ণাঙ্গ পরীক্ষার পর রোববার আনুষ্ঠানিকভাবে এ তথ্য প্রকাশ করা হয়।
প্রতিষ্ঠানটি সোয়েটারের ফেব্রিক আমদানির ঘোষণা দিয়েছিলো জানিয়ে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের সহকারী রাজস্ব কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোয়েটার ফ্যাক্টরির কনটেইনারটি আটক করা হয়। পরীক্ষায় ধরা পড়ে কনটেইনারে রয়েছে স্যুটের কাপড়।
উদ্ধারকৃত স্যুটের কাপড়ে রেমন্ড ব্র্যান্ডের সিল রয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৩৫৭ ঘ.
bdnews24