২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁর পণ্য ও পরিবহন ব্যবসায়ীদের ধর্মঘট চলছে

বগুড়া-ঢাকা মহাসড়কে ট্রাক ছিনতাই ও অব্যাহত চালক-সহকারী খুনের প্রতিবাদে নওগাঁর পণ্য ও পরিবহন ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2011, 03:10 PM

Updated : 24 Aug 2022, 03:31 PM

নওগাঁ, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়া-ঢাকা মহাসড়কে ট্রাক ছিনতাই ও অব্যাহত চালক-সহকারী খুনের প্রতিবাদে নওগাঁর পণ্য ও পরিবহন ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে। জেলার ধান-চাল ব্যবসায়ী ও পরিবহন ব্যবসায়ীদের গঠিত '১৩ সংগঠন সমন্বয় পরিষদ' বৃহস্পতিবার এ ধর্মঘট শুরু করে। এতে নওগাঁ থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনাসহ সারাদেশে নৌ, রেল ও সড়ক পথে ধান, চাল, শাকসব্জিসহ সব ধরনের পণ্য সরবরাহ বন্ধ রয়েছে। সমস্যা সমাধানে ব্যবস্থা গ্রহণের জন্য তাদের দেওয়া সাতদিনের সময়সীমা বুধবার শেষ হয়। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় নওগাঁর জেলা প্রশাসক মোছাম্মৎ নাজমানারা খানুম তার কার্যালয়ে এক সভা আহ্বান করেন। সভায় প্রশাসন ও পণ্য পরিবহন নেতাদের আলোচনা কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়। তবে সার্বিক বিষয়টি জানিয়ে রাতেই জেলা প্রশাসক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠিয়েছেন। জেলা প্রশাসক জানিয়েছেন, শুক্রবার দুপুর ২টার দিকে বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রী ও স্বরাষ্ট্র সচিবের সঙ্গে টেলিফোনে তিনি কথা বলেছেন। স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুন জেলা প্রশাসককে জানিয়েছেন, সমস্যাটি নিয়ে কেউ কখনো তার কাছে যাননি। তিনি অবিলম্বে সমস্যা সমাধানে নওগাঁর চাল ব্যবসায়ী ও পরিবহন নেতাদের সঙ্গে বসে এর সমাধান করবেন, বলেন জেলা প্রশাসক। জেলা প্রশাসক আগামী সাত দিনের মধ্যে এ সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রীর আশ্বাসের বিষয়টি নিয়ে ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে তিনি পরিষদ নেতাদের সঙ্গে আলোচনা করবেন। '১৩ সংগঠন সমন্বয় পরিষদ'র আহবায়ক ইলিয়াস তুহিন রেজা সাংবাদিকদের বলেন, ২০০০ সাল হতে এ পর্যন্ত শুধু নওগাঁ থেকে ছেড়ে যাওয়া ৫৮টি ট্রাক মালামালসহ ছিনতাইয়ের শিকার হয়েছে। ট্রাকের নয়জন চালক ও সহকারী ছিনতাইকারীর হাতে খুন হয়েছেন। এখনো পর্যন্ত দুইটি ট্রাক এবং ছিনতাই হওয়া কোনো পণ্যই উদ্ধার করা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৪৪ ঘ.