ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের পদক্ষেপের ফলে দেশের পুঁজিবাজার জোর পেয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেছেন, তা অব্যাহত থাকবে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে সাধনা হালদারের সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা বলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
মুহিত জানান, পুঁজিবাজার স্থিতিশীল রাখতে সরকার পদক্ষেপ নিয়েছে। এর ফলে শেয়ারবাজার জোর পেয়েছে এবং তা অব্যাহত থাকবে।
এ বি এম গোলাম মোস্তফার লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সরকারি মালিকানাধীন কোম্পানিগুলোর শেয়ার পর্যায়ক্রমে অফলোড করার সিদ্ধান্ত সরকারের রয়েছে। পুঁজিবাজারের ধারণ ক্ষমতা বিবেচনায় যথোপযুক্ত সময়ে সরকারি কোম্পানির শেয়ার অফলোডের পদক্ষেপ নেওয়া হবে।
"তাছাড়া শেয়ারের ফেইস ভেলুতে সমতা আনার (ইউনিফর্ম করার) বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে।"
গত সাড়ে তিন মাসের মধ্যে সর্বোচ্চ বৃহস্পতিবার সর্বোচ্চ লেনদেন হয়েছে দেশের পুঁজিবাজারে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ১ হাজার ৩৪৮ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। গত ২১ মার্চের পর এটিই সর্বোচ্চ। ওইদিন লেনদেনের পরিমাণ ছিলো ১ হাজার ৫৯৩ কোটি টাকা।
একইদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয় ১৪৬ কোটি ২৯ লাখ টাকার শেয়ার। গত ২০ মার্চের পর এটিই সর্বোচ্চ লেনদেন। ওইদিন চট্টগ্রামের বাজারে লেনদেনের পরিমাণ ছিলো ১৫৬ কোটি ৩৭ লাখ টাকা।
গত ৫ ডিসেম্বর ডিএসইতে সর্বোচ্চ ৩ হাজার ২৪৯ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার হাতবদল হয়। এর পরপরই বাজারে অস্থিরতা দেখা দেয়। গত ২৬ মে লেনদেন হয় সর্বনিু ২৯৬ কোটি টাকার শেয়ার।
দুইটি বিলের স্থায়ী কমিটির প্রতিবেদন পেশ
ভবঘুরে ও নিরাশ্রয় ব্যক্তি (পুনর্বাসন) বিল, ২০১১ -এর সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রতিবেদন সংসদে উপস্থাপন হয়েছে বৃহস্পতিবার।
কমিটির সভাপতি মো. মোজাম্মেল হোসেন তা উপস্থাপন করেন।
পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ বিল, ২০১১-এর প্রতিবেদন উপস্থাপন করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
কমিটির সভাপতি বিরোধী দলের এ বি এম আশরাফ উদ্দিন নিজানের পক্ষে প্রতিবেদন উপস্থাপন করেন জাফর ইকবাল সিদ্দিকী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/১৯৪৪ ঘ.
bdnews24