ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের মধ্যেও চাঙা ছিলো ঢাকার পুঁজিবাজার। হাজার কোটি টাকা লেনদেন হয়েছে, সূচক বেড়েছে, বেড়েছে অধিকাংশ শেয়ারের দামও।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার সকাল থেকেই সূচকের ঊর্ধ্বগতি দেখা যায়। দিন শেষে সাধারণ সূচক ৬২৪৩ পয়েন্টে দাঁড়িয়েছে, যা দিনের শুরুর চেয়ে ৭৮ পয়েন্ট বেশি।
সারাদিনে ১ হাজার ১৫৮ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে। গত দিনে লেনদেনের পরিমাণ ছিলো ৮৭৫ কোটি টাকা।
গত ১১ এপ্রিলের পর বুধবারের লেনদেনের পরিমাণই সর্বোচ্চ। সেদিন লেনদেন হয় ১ হাজার ২২৪ কোটি টাকার শেয়ার।
বুধবার লেনদেন হওয়া ২০৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৫১টির, ৪টির দাম অপরিবর্তিত ছিলো।
প্রয়োজনীয় সংখ্যক ব্রোকারেস হাউস লেনদেনে অংশ নেওয়ায় বিএনপিসহ চার দলের ডাকা হরতালের দিনেও সচল ছিলো ঢাকার পুঁজিবাজার।
ডিএসইর জনসংযোগ কর্মকর্তা শফিকুর রহমান সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিয়ম অনুযায়ী এক-তৃতীয়াংশ ব্রোকারেস হাউস লগইন করলেই লেনদেন শুরু হয়।
"আজ সকাল ১১টার আগেই ২১৭টি ব্রোকারেস হাউসের মধ্যে ২১৩টি লগইন করেছে। তাই নির্ধারিত সময় সকাল ১১টায়ই লেনদেন শুরু হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/১৬১৫ ঘ.
bdnews24