২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সার্ক আন্তঃবাণিজ্যের প্রধান বাধা যোগাযোগ'

ভিন্ন ধারার রাজনীতি এবং যোগাযোগ অবকাঠামোর দুর্বলতাকে সার্কভুক্ত আট দেশের আন্তঃবাণিজ্যের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা বলে মনে করেন সার্ক চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের (এসসিসিআই) প্রেসিডেন্ট আনিসুল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2011, 07:37 PM

Updated : 24 Aug 2022, 03:29 PM

ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভিন্ন ধারার রাজনীতি এবং যোগাযোগ অবকাঠামোর দুর্বলতাকে সার্কভুক্ত আট দেশের আন্তঃবাণিজ্যের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা বলে মনে করেন সার্ক চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের (এসসিসিআই) প্রেসিডেন্ট আনিসুল হক। মঙ্গলবার ঢাকায় এক অনুষ্ঠানে তিনি বলেন, বিশ্বের মোট জনসংখ্যার ২৩ শতাংশের বসাবাস সার্কভুক্ত এই আটটি দেশে। কিন্তু এই দেশগুলোর মধ্যে বাণিজ্যের পরিমাণ বছরে মাত্র ২২৪ বিলিয়ন ডলার। "এই পরিমাণ মালয়েশিয়া ও সিঙ্গাপুরের মধ্যকার বাণিজ্যের চেয়েও কম। মালয়েশিয়ার জনসংখ্যা ২ কোটি ৮০ লাখ, আর সিঙ্গপুরের মাত্র ৪০ লাখ।" আনিসুল হক জানান, মালয়েশিয়া বছরে ২২৬ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে। আর সিঙ্গাপুরের আয় তার চেয়েও বেশি। "আর এই বাণিজ্যের একটি বড় অংশ হয় তাদের নিজেদের মধ্যেই," যোগ করেন তিনি। আসিনুল হক মনে করেন, আন্তঃবাণিজ্যের দিক দিয়ে সার্কভুক্ত দেশগুলোর পিছিয়ে থাকার সবচে বড় কারণ দেশগুলোর ভিন্ন ধরনের রাজনৈতিক ব্যবস্থা ও যোগাযোগ অবকাঠামোর দুর্বলতা। "এমনকি সার্কভুক্ত এক দেশ থেকে আরেক দেশে যেতে চাইলে ভিসা পেতেও সমস্যা হয়," বলেন তিনি। হোটেল সোনারগাঁওয়ে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সার্ক চেম্বার উইমেন এন্টারপ্রেনার্স কাউন্সিলের (এসসিডব্লিউইসি) কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা নেপাল ও ভুটানের ১৭ জন নারী উদ্যোক্তা 'রিজিওনাল মার্কেটিং আউটলেট' বিষয়ক এই কর্মশালায় অংশ নেন। বাংলাদেশে এসসিডব্লিউইসির প্রধান নাসরিন আউয়াল মিন্টু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, 'রিজিওনাল মার্কেটিং আউটলেট' ধারণাকে কাজে লাগিয়ে এখন পর্যন্ত কেবল নেপালেই একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু হয়েছে। তিনি বলেন, "ধারণাটা হলো- সার্কভুক্ত প্রত্যেকটি দেশে একটি করে দোকান (আউটলেট) থাকবে, যেখানে সার্কের সদস্য দেশগুলোর বিভিন্ন পণ্য বিক্রি হবে।" ২০০১ সালে শ্রীলঙ্কায় যাত্রা শুরু করা এসসিডব্লিউইসির এই কর্মশালায় সার্কভুক্ত দেশগুলোর মধ্যে কেবল মালদ্বীপ ও আফগানিস্তানের কোনো প্রতিনিধি অংশ নেননি। অন্যদের মধ্যে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) সভাপতি এ কে আজদ এই সনদ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/জেকে/০১৩১ ঘ.