পঞ্চগড়, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় একটি শ্রমিক সংগঠনের সড়ক অবরোধের কারণে বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।
বন্দরে পণ্য ওঠানামার (লোড-আনলোড) কাজ করতে দেওয়ার দাবিতে সোমবার সকাল ৮টা থেকে স্থানীয় সিপাহীপাড়া কুলি মজদুর শ্রমিক ইউনিয়নের সদস্যরা এ অবরোধ করছে বলে জানান, পঞ্চগড় কাস্টম এক্সাইজ ও ভ্যাট সার্কেলের রাজস্ব কর্মকর্তা মো. আব্দুল লতিফ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, স্থলবন্দরে কাজ করার জন্য এ সংগঠনের অনুমোদন নেই।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শ্রমিকরা স্থলবন্দর থেকে ৩ কিলোমিটার দূরে বাংলাবান্ধা-তেঁতুলিয়া সড়ক অবরোধ করে রেখেছে।
স্থলবন্দরের ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিএন্ডএফ) এজেন্ট নেহারুল ইসলাম জানান, ভারত থেকে আমদানি করা পাথরবোঝাই প্রায় ১০টি ট্রাক ও আমদানি পণ্য পরিবহনের জন্য যাওয়া প্রায় ৬০টি ট্রাক স্থলবন্দরের দুই পাশে আটকা পড়ে আছে।
কুলি মজদুর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো.ইমদাদুল হক তাদের সংগঠনকে অনুমোদিত দাবি করেন।
তিনি বলেন, "দাবি না মানলে আমরা অবরোধ চালিয়ে যাব।"
এদিকে বর্তমানে পণ্য ওঠানামার কাজে নিয়োজিত বাংলাবান্ধা স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের সভাপতি ইউসুফ আলী বলেন, "স্থলবন্দরে কার্যক্রম চালু হওয়ার পর থেকে আমরাই কাজ করে আসছি।"
কুলি মজদুর শ্রমিক ইউনিয়নের নেতারা দীর্ঘদিন ধরে বাংলাবান্ধা স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের কাছে অর্ধেক পণ্য ওঠানামার কাজ করতে দেওয়ার দাবি জানিয়ে আসছে।
একই দাবিতে এ সংগঠনটি গত ১৬ জুন বাংলাবান্ধা-তেঁতুলিয়া সড়ক অবরোধ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৬৩৮ ঘ.
bdnews24