আবদুর রহিম হারমাছি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেষ হতে যাওয়া ২০১০-১১ অর্থবছরে বাণিজ্য ঘাটতি আটশ কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে জানিয়েছেন সিপিডি নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান।
আমদানি-রপ্তানি সংক্রান্ত হালনাগাদ তথ্য পর্যালোচনা করে সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "২০১০-১১ অর্থবছরের ১০ মাসেই (জুলাই-এপ্রিল) বাণিজ্য ঘাটতি প্রায় ছয়শ ৫০ কোটি ডলারে দাঁড়িয়েছে। যা অতীতের যে কোনো অর্থবছরের পুরো সময়ের চেয়েও অনেক বেশি। অর্থবছরের বাকি দুই মাসের (মে ও জুন) হিসাব যোগ হলে ঘাটতি আটশ কোটি ডলার ছাড়িয়ে যাবে।"
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-এপ্রিল সময়ে মোট বাণিজ্য ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ছয়শ ৪৩ কোটি ডলার। গত অর্থবছরের (২০০৯-১০) একই সময়ে ঘাটতির পরিমাণ ছিল চারশ ৫০ কোটি ৯০ লাখ ডলার। আর অর্থবছরের পুরো সময়ে অর্থ্যাৎ ১২ মাসে ঘাটতির পরিমাণ ছিল পাঁচশ ১৫ কোটি ২০ লাখ ডলার।
চলতি অর্থবছরের জুলাই-এপ্রিল সময়ে মোট দুই হাজার চারশ ৭৪ কোটি ৫০ লাখ (২৪ দশমিক ৭৫ বিলিয়ন) ডলারের পণ্য আমদানি হয়েছে। এর বিপরীতে বাংলাদেশ এ সময়ে সব মিলিয়ে এক হাজার আটশ ৩১ কোটি ৫০ লাখ (১৮ দশমিক ৩২ বিলিয়ন) ডলারের পণ্য রপ্তানি করেছে।
রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক রপ্তানি থেকে এসেছে এক হাজার চারশ ১৭ কোটি ডলার।
এ সময়ে পণ্য আমদানি ব্যয় ও রপ্তানি আয় পাল্লা দিয়ে বেড়েছে। রপ্তানি আয় বেড়েছে ৪১ দশমিক ১৩ শতাংশ। আমদানি ব্যয় বেড়েছে ৪১ দশমিক ৫১ শতাংশ।
২০০৯-১০ অর্থবছরে আগের বছরের চেয়ে আমদানি ব্যয় বেড়েছিল পাঁচ দশমিক ৪৭ শতাংশ। আর রপ্তানি আয় বেড়েছিল চার দশমিক ১১ শতাংশ।
বাণিজ্য ঘাটতি বাড়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, "বাণিজ্য ঘাটতি আমাদের দেশে সব সময়ই থাকে। তবে এবার ঘাটতির পরিমাণ অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি হবে। মূলত আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় এটা হয়েছে।"
তিনি বলেন, বিশ্ববাজারে খাদ্য পণ্য, জ্বালানি তেলসহ সব ধরনের পণ্যের দাম বেড়ে গেছে। একইসঙ্গে চাহিদা বেড়ে যাওয়ায় পরিমাণগত দিক দিয়েও এ সব পণ্যের আমদানি বেড়েছে। এর ফলে বেড়ে গেছে আমদানি ব্যয়।
এ প্রসঙ্গে মোস্তাফিজুর রহমান বলেন, ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য জ্বালানি তেল আমদানি বেড়ে গেছে। একইসঙ্গে যেহেতু তৈরি পোশাক রপ্তানি বেড়েছে, সে কারণে এ খাতের জন্য প্রয়োজনীয় কাপড় ও সুতা আমদানিও বেড়েছে। এর পেছনেও চলে গেছে মোটা অংকের অর্থ।
২০০৭ সালে ঘূর্ণিঝড় সিডরের কারণে সব ধরনের ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় ২০০৭-০৮ অর্থবছরে খাদ্য আমদানি বেড়ে গিয়েছিল। সে কারণে ওই বছরে বাণিজ্য ঘাটতির পরিমাণ বেড়ে পাঁচশ ৩৩ কোটি ডলারে দাঁড়িয়েছিল। যা ছিল এ যাবতকালের সবচেয়ে বেশি বাণিজ্য ঘাটতির বছর।
২০০৮-০৯ অর্থবছরে ঘাটতির পরিমাণ কমে চারশ ৭১ কোটি ডলারে দাঁড়ায়। ২০০৯-১০ অর্থবছরে বেড়ে দাঁড়ায় পাঁচশ ১৫ কোটি ডলারে।
এর আগে ২০০২-০৩ অর্থবছরে ঘাটতির পরিমাণ ছিল দুশ ২১ কোটি ডলার। ২০০৩-০৪ অর্থবছরে ছিল দুশ ৩১ কোটি ডলার। ২০০৪-০৫, ২০০৫-০৬ এবং ২০০৬-০৭ অর্থবছরে ছিল যথাক্রমে তিনশ ২৯ কোটি, দুশ ৮৮ কোটি ও তিনশ ৪৫ কোটি ডলার।
আমদানি ব্যয় বৃদ্ধি প্রসঙ্গে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত গত ৯ জুন বলেন, "বিনিয়োগ পরিস্থিতির উন্নতির জন্য অবকাঠামোসহ বিদ্যুৎ খাতের উন্নয়নে আমরা ব্যাপক কার্যক্রম শুরু করেছি। বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য বিদেশ থেকে যন্ত্রপাতি আমদানি এবং জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও বিদ্যুৎকেন্দ্রের জন্য জ্বালানি তেলের আমদানি ব্যয় যাওয়ায় বাণিজ্য ঘাটতির পরিমাণ বেড়েছে।"
তবে এ অবস্থা বেশি দিন থাকবে না বলে জানান অর্থমন্ত্রী।
"অবকাঠামো ও বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির ফলে দেশি ও বিদেশি বিনিয়োগের অনুকুল ক্ষেত্র তৈরি হবে। যা রপ্তানি বাড়ানোর মাধ্যমে মাধ্যমে বাণিজ্য ঘাটতি কমাবে," বলেন মুহিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/পিডি/০০২১ ঘ.
bdnews24