ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজার কেলেঙ্কারিতে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মহাজোটের শরিক দল জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।
জাতীয় সংসদের সোমবারের অধিবেশনে আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় এরশাদ বলেন, "শেয়ারবাজারের ৩৩ লাখ বিনিয়োগকারী পথে বসেছেন। আমরা এক কোটি ভোটার হারিয়েছি।
"এই এক কোটি ভোটারকে আমাদের বাক্সে ফিরিয়ে আনতে হবে। যারা দায়ী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেন। মানুষ দেখুক প্রধানমন্ত্রীর কাছে জনগণ বড়, কিছু ব্যক্তি নয়।"
গত ৯ জুন সংসদে আগামী ২০১১-১২ অর্থবছরের জন্য এক লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব পেশ করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
গত ডিসেম্বর-জানুয়ারিতে বাংলাদেশের পুঁজিবাজারে রেকর্ড ধস নামে। ওই ধসের ঘটনা তদন্তে খোন্দকার ইব্রাহিম খালেদকে প্রধান করে জানুয়ারিতেই একটি কমিটি করে সরকার। গত ৭ এপ্রিল কমিটির দেওয়া প্রতিবেদন গত ৩০ এপ্রিল প্রকাশ করেছে সরকার।
প্রতিবেদন প্রকাশের দিন অর্থমন্ত্রী জানান, ওই প্রতিবেদনের ভিত্তিতে আরো কিছু বিষয়ে অধিকতর তদন্ত হবে।
'আদালতের হাত সংসদেও পৌঁছাতে পারে?'
নিজে আদালতের রায়ের প্রতি শ্রদ্ধাশীল জানিয়ে এরশাদ বলেন, "আদালতের এখতিয়ার কি তাও সংবিধানে উল্লেখ আছে। আমি জানি আদালতের হাত অনেক লম্বা। কিন্তু সেই হাত সংসদ পর্যন্ত পৌঁছাতে পারে কি না সেটাও আমার প্রশ্ন।
"সংসদে যে বিল পাশ হবে, তা অবৈধ ঘোষণা করতে পারে শুধু সংসদ। না হলে তো সংসদ মূল্যহীন হয়ে যায়। আর, আমরা অপদার্থ হয়ে যাই।"
গত ১৫ মে দেওয়া এক রায়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সংবিধানের সপ্তম সংশোধনী বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রাখে। এরশাদের সামরিক শাসনের সময় একটি হত্যামামলায় সামরিক আদালতে সাজাপ্রাপ্ত এক ব্যক্তির রিটে হাইকোর্ট ২০১০ সালের ২৬ অগাস্ট সংবিধানের সপ্তম সংশোধনী অবৈধ ঘোষণা করে।
আপিল বিভাগের রায়ের মাধ্যমে সাবেক স্বৈরশাসক এরশাদের শাসনামলের ১৯৮২ সালের ২৪ মার্চ থেকে ১৯৮৬ সালের ১১ নভেম্বর পর্যন্ত জারি করা সব সামরিক ফরমান, আদেশ অবৈধ ঘোষণা করা হয়। তবে ওই সময়কালের কিছু বিষয় শর্ত সাপেক্ষে মার্জনা করা হয়েছে। বহাল রাখা হয় রাষ্ট্রের পক্ষে করা সব চুক্তি।
'আমি অল্প টাকায় অনেক কিছু করেছি'
খাদ্যে ভেজালের জন্য দোষীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ার বিধান রেখে আইন প্রণয়নের প্রস্তাব দেন এরশাদ।
মধ্যপ্রাচ্যের শ্রমবাজার সংকুচিত হয়ে আসছে এবং বৈদেশিক মুদ্রা আয় কমে যাচ্ছে মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, "বিকল্প শ্রমবাজার বের করতে হবে। দক্ষ শ্রমিক সৃষ্টি করতে হবে।"
রপ্তানী আয় থেকে উৎসে কর বাদ দেওয়ারও প্রস্তাব করেন এরশাদ।
প্রস্তাবিত বাজেটে রপ্তানি আয়ের ওপর উৎসে কর শূন্য দশমিক ৪ শতাংশ থেকে বাড়িয়ে দেড় শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এরশাদ সরকারের দু'টি বাজেট দিয়েছিলেন। প্রথম বাজেটের পরিমাণ ছিলো, চার হাজার সাতশ ৩৮ কোটি টাকা, দ্বিতীয় বাজেটটি ছিলো পাঁচ হাজার আটশ ৯৬ কোটি টাকার।
এ কথা উল্লেখ করে এরশাদ অর্থমন্ত্রীর উদ্দেশে বলেন, "আমি অল্প টাকা দিয়ে এমন কিছু করে গেছি- মানুষ আমাকে স্মরণ করে। অর্থমন্ত্রী এমন কিছু করে যান যেন মহাজোটের নেত্রী চির স্মরণীয় হয়ে থাকেন।"
"কৃষিতে ভর্তুকি কমাবেন না, সারের দাম বাড়াবেন না। দরকার হলে, আমরা সাংসদরা আমাদের ভাতার ৫০ ভাগ দিয়ে দেবো।"
র্যাবের গুলিতে ঝালকাঠীর কলেজছাত্র লিমন হোসেনের পা হারানো অপ্রত্যাশিত ও দুঃখজনক উল্লেখ করে এরশাদ বলেন, "এটাকে ইস্যু করে র্যাবের কার্যক্রম বন্ধ করার দাবি হচ্ছে। আমি মনে করি র্যাব আছে বলে আমরা শান্তিতে ঘুমাতে পারছি। র্যাবকে আরো শক্তিশালী করতে হবে- দেশের জনগণের নিরাপত্তার স্বার্থে।"
বেসরকারি হাসপাতালে মানুষকে জিম্মি করে টাকা আদায় করা হচ্ছে বলে দাবি করেন সাবেক এই স্বৈরশাসক।
সব বেসরকারি হাসপাতালে অন্তত পাঁচটি বেড দরিদ্র-অসহায় রোগীদের জন্য সংরক্ষিত রাখার ব্যবস্থা করার দাবি জানিয়ে এরশাদ বলেন, সংশ্লিষ্ট এলাকার সাংসদের সুপারিশে সেখানে দরিদ্র রোগী ভর্তি করে বিনা খরচে চিকিৎসার ব্যবস্থা করতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২১৫৭ ঘ.
bdnews24