ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হবে বলে আশাবাদী ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সভাপতি শাকিল রিজভী।
সোমবার রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকরা তার কাছে জানতে চান, পুঁজিবাজারে কালো টাকা বিনিয়োগের সুযোগ দেওয়ার ব্যাপারে তিনি আশাবাদি কি না।
জবাবে ডিএসই সভাপতি বলেন, "আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি। তিনি আমাদের কথা শুনেছেন। আমরা আশাবাদী যে, এ সুযোগ দেওয়া হবে।"
আরেক প্রশ্নের জবাবে শাকিল রিজভী বলেন, "অপ্রদর্শিত আয় বন্ডে বিনিয়োগের সুযোগ দিলে পুঁজিবাজারেও এ সুযোগ দেওয়া উচিত। অপ্রদর্শিত আয় বাজারে বিনিয়োগের সুযোগ দিলে তারল্য সংকট দুর হবে।"
কালো টাকা সাদা করার সুযোগ দিলে পুঁজিবাজার অতিমূল্যায়িত হয়ে পড়বে কি না- এ প্রশ্নের জবাবে ডিএসই সভাপতি বলেন, "এ বিষয়ে সতর্ক থাকতে হবে। এজন্য সরকারি প্রতিষ্ঠানের শেয়ার বাজারে ছাড়তে হবে।"
ঢাকার সেগুনবাগিচায় রিপোর্টার্স ইউনিটিতে 'মিট দ্য রিপোর্টার্স' অনুষ্ঠানে কথা বলছিলেন শাকিল রিজভী।
আগামী অর্থবছরের (২০১১-১২) বাজেটে পুঁজিবাজারে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার জন্য এর আগে একাধিকবার দাবি জানিয়েছেন ডিএসই সভাপতি। এছাড়া অর্থমন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি এবং বেশ কয়েকজন সাংসদও পুঁজিবাজারে কালো টাকা সাদা করার সুযোগ চেয়েছেন।
আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ১০ শতাংশ কর দিয়ে সরকারি ট্রেজারি বন্ডে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে।
আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলেই শেয়ারবাজারে ধস নামে কেন- এ প্রশ্নের জবাবে শাকিল রিজভী বলেন, "পৃথিবীর অন্যান্য দেশে আওয়ামী লীগ বিএনপি না থাকলেও সেখানকার পুঁজিবাজারেও তো ধ্বস নামে। আর আমাদের এখানেও ১৯৮৭-৮৮ সালে একটি বড় ধ্বস হয়েছিল।"
'অধিকতর তদন্ত হচ্ছে'
পুঁজিবাজারের কারসাজিতে জড়িত থাকার অভিযোগে তদন্ত প্রতিবেদনে যাদের নাম এসেছে আপনারা তাদের বিচার দাবি করছেন না কেন- এ প্রশ্নের জবাবে ডিএসই সভাপতি বলেন, "সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) অধিকতর তদন্ত করছে। তাই ঢালাওভাবে কিছু বলা ঠিক হবে না।"
তিনি বলেন, "কেউ যদি অসাধু উপায় অবলম্বন করে তা এসইসি দেখবে। অযথা কারোর ভয়ভীতি দেখানোর দরকার নেই।"
গত ডিসেম্বর-জানুয়ারিতে পুঁজিবাজারে ধস তদন্তে কৃষি ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি করে সরকার। কমিটি ৭ এপ্রিল সরকারকে তার প্রতিবেদন দেয়। ৩০ এপ্রিল ওই প্রতিবেদন প্রকাশ করে সরকার।
প্রকাশের সময় অর্থমন্ত্রী জনিয়েছিলেন, প্রতিবেদনের ভিত্তিতে আরো বেশকিছু বিষয়ে অধিকতর তদন্ত হবে।
সোমবারের মিট দ্য রিপোর্টার্সে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সভাপতি ফখর উদ্দিন আলী আহমেদ বলেন, "কেউ যদি কারসাজি করে তবে শাস্তি পেতেই হবে। তবে অভিযোগ এলেই দোষি সাব্যস্ত করা ঠিক না।"
দেশের পুঁজিবাজারে আরো বিনিয়োগ বাড়ার সুযোগ রয়েছে জানিয়ে শাকিল রিজভী বলেন, "বর্তমানে ডিএসইএর মোট বাজার মূলধন জিডিপির ৩৪ শতাংশ। অথচ ভারতে এটা ১২০ ও শ্রীলঙ্কাতে ৪৭। বর্তমানে ডিএসইএর গড় পিই রেশিও ভালো অবস্থায় রয়েছে।"
সোমবার দিনশেষে ডিএসই পিই রেশিও দাঁড়িয়েছে ১৬ দশমিক ৫।
মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোস্তাক হোসেন ও সাধারণ সম্পাদক জামাল উদ্দিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/পিডি/১৭৫৮ ঘ.
bdnews24